আদিবাসী শিশু শিক্ষাকেন্দ্র পুড়িয়ে দিয়েছে সন্ত্রাসীরা
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের চৈত্রহাটি সর্বজনীন কালীমন্দির পরিচালিত আদিবাসী শিক্ষার্থীদের একটি শিশু শিক্ষাকেন্দ্র পুড়িয়ে দিয়েছে সন্ত্রাসীরা। গতকাল শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে।
প্রশাসন ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আদিবাসী শিশুদের লেখাপড়ার জন্য বেসরকারি সংস্থা কারিতাসের আর্থিক সহযোগিতায় ওই কেন্দ্র স্থাপন করা হয়। এখানে ৬৩ জন আদিবাসী শিশু লেখাপড়া করত। গতকাল শুক্রবার ভোরে কে বা কারা কেন্দ্রটিতে আগুন ধরিয়ে দেয়। এতে আসবাব, কাগজপত্র ও চালের টিন পুড়ে যায়।
আদিবাসীদের একটি সূত্র জানিয়েছে, চৈত্রহাটি সর্বজনীন কালীমন্দিরের আওতাধীন দেড় শ বিঘা জমি ও নয়টি পুকুর রয়েছে। এ সম্পত্তি নিয়ে স্থানীয়ভাবে দ্বন্দ্ব রয়েছে।
এ ব্যাপারে কারতিসা আদিবাসী গোষ্ঠীর নেতা ও পুড়ে যাওয়া শিক্ষাপ্রতিষ্ঠানের সুপারভাইজার র্যানাতুস সরেন অভিযোগ করেন, চৈত্রহাটি গ্রামের বাসিন্দা দেলোয়ার হোসেন ও শাহীন আলম তাঁর দলবল নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানটি পুড়িয়ে দিয়েছেন।