আদিবাসী শিশুকে ধর্ষণের অভিযোগে পুলিশ সদস্য গ্রেপ্তার
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় আদিবাসী শিশুকে (১১) ধর্ষণের অভিযোগে পুলিশের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শিশুটিকে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার মা ওই পুলিশ সদস্যের বিরুদ্ধে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। শিশুটির পরিবারের অভিযোগ, গত মঙ্গলবার বেলা আড়াইটার দিকে শিশুটি অটলটিলা পুলিশ ক্যাম্পের পাশে গরু চরাতে যায়। এ সময় ওই ক্যাম্পের পুলিশ সদস্য রাসেল রানা (২১) শিশুটিকে ধর্ষণ করেন। পরে শিশুটি তার মাকে জানালে তিনি (মা) তাকে নিয়ে ক্যাম্পে গিয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহ আলমকে বিষয়টি জানান। শিশুটি সেখানেই রাসেল রানাকে শনাক্ত করে। শাহ আলম জানান, রাসেল রানা ধর্ষণের অভিযোগ অস্বীকার করেছেন।শিশুটির মা মঙ্গলবার রাতে রাসেল রানাকে আসামি করে দীঘিনালা থানায় মামলা করেন। ওই মামলায় রাসেল রানাকে গ্রেপ্তার করা হয়। দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাদাত হোসেন বলেন, বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করা হচ্ছে। দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিত্সা কর্মকর্তা সুবল জ্যোতি চাকমা জানান, শিশুটির শরীরে সামান্য আঁচড়ের দাগ ছিল। রক্তপাত হচ্ছিল। উন্নত চিকিত্সার জন্য তাকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। খাগড়াছড়ির ভারপ্রাপ্ত পুলিশ সুপার জয়নুল আবেদীন জানান, রাসেল রানাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থাও নেওয়া হবে।