আদিবাসী শিশুকে ধর্ষণের পর হত্যা, ধর্ষক আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির লংগদু উপজেলায় গত বুধবার আদিবাসী এক শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগে ইব্রাহীম নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার আটকের পর ইব্রাহীম ওই শিশুকে ধর্ষণ ও হত্যার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক প্রথম আলোকে জানান, গতকাল ভোরে ইব্রাহীম আটরকছড়া ইউনিয়নের ইয়ারেংছড়া গ্রাম থেকে পালানোর চেষ্টা করে। এ সময় আদিবাসী ওই শিশুটিকে ধর্ষণের পর হত্যার সময় প্রত্যক্ষদর্শী আরেক শিশুর দেওয়া বর্ণনার সঙ্গে ইব্রাহীমের মিল খুঁজে পায় স্থানীয় লোকজন। তারা ইব্রাহীমকে আটক করে বিষয়টি পুলিশকে জানায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ইব্রাহীমকে আটক করে। ইব্রাহীম ধর্ষণ ও হত্যার কথা স্বীকার করেছে।পুলিশ জানায়, গত বুধবার ইব্রাহীম আদিবাসী ওই শিশুটিকে জোর করে একটি পাহাড়ি ছড়ায় নিয়ে ধর্ষণের পর কুপিয়ে হত্যা করে। শিশুটি আটরকছড়া ইউনিয়নের উল্টোছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী। ঘটনার সময় ওই শিশুটির সঙ্গে থাকা অপর এক শিশু ঘটনাটি পুলিশ ও এলাকাবাসীকে খুলে বলে। এদিকে এই ঘটনার প্রতিবাদে পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতি, হিল উইমেন ফেডারেশন ও পাহাড়ি ছাত্র পরিষদ গতকাল বিকেলে রাঙামাটি শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। পরে তারা জেলা প্রশাসকের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর একটি স্মারকলিপিও পেশ করেছে। ওসি রেজাউল হক আরও জানান, নিহত ওই শিশুটির বড় ভাই আটরকছড়া ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য বিতন চাকমা বাদী হয়ে ইব্রাহীমের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন। রোববার তাকে আদালতে হাজির করা হবে। ইব্রাহীমের বিরুদ্ধে গত বছরের ১৫ জুন বাড়িতে ঢুকে অপর এক আদিবাসী শিশুকে ধর্ষণের অভিযোগ রয়েছে। ওই মামলায় প্রায় আট মাস কারাগারে থাকার পর উচ্চ আদালত থেকে জামিন নিয়ে সে কয়েক দিন আগে আবারও এই এলাকায় আসে। ইব্রাহীমের আদি বাড়ি যশোর সদর উপজেলার বুলন্দি গ্রামে। সে সনাতন ধর্ম ত্যাগ করে মুসলিম ধর্ম গ্রহণ করেছে।