আদিবাসী শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় বীথি দিও (৭) নামের আদিবাসী এক শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার উপজেলার পানিহাটা গ্রামে এ ঘটনা ঘটে। শিশুটি একই গ্রামের গ্রাবিয়েল হাদিমার মেয়ে। সে স্থানীয় পানিহাটা খ্রিষ্টান মিশন স্কুলের প্রথম শ্রেণীর ছাত্রী ছিল।পুলিশ ও বীথির পারিবারিক সূত্রে জানা গেছে, সে পানিহাটা গ্রামে নানা অজিন্দ্র মারাকের বাড়িতে থেকে পড়ালেখা করত। তাঁর মা পূরবী দিও ও বাবা ঢাকায় অন্যের বাড়িতে কাজ করেন। শনিবার বিকেলে বীথিকে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করতে থাকে। রাত আটটার দিকে তারা প্রতিবেশী কান্তি দিওর (৩৮) ঘর থেকে প্রায় ১০০ গজ দূরে বাঁশঝাড়ের নিচে পানির নালায় বীথির লাশ পড়ে থাকতে দেখে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে তার লাশ উদ্ধার করে। গতকাল রোববার সকালে ময়নাতদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে কান্তি দিও পলাতক রয়েছেন।নালিতাবাড়ী থানার ওসি গোলাম হায়দার বলেন, বীথিকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় তার নানা বাদী হয়ে গতকাল ধর্ষণ ও হত্যার অভিযোগে কান্তি দিওর বিরুদ্ধে মামলা করেছেন।