রাঙামাটির বাঘাইছড়িতে আদিবাসী শিশুকে ধর্ষণের প্রমাণ পাওয়া গেছে। ধর্ষক মো. মামুনকে গতকাল মঙ্গলবার জেলহাজতে পাঠানো হয়েছে। অভিযুক্ত মো. মামুন বাংলাদেশ ছাত্রলীগের সাজেক ইউনিয়ন কমিটির সাংগঠনিক সম্পাদক বলে জানা গেছে। সাজেক ইউনিয়নের বাঘাইহাট বাজার কমিটির সভাপতি মো. নাজিম উদ্দিন জানান, মামুন ভাড়ায় মোটরসাইকেলে করে মানুষ পরিবহন করেন। তবে তিনি বাংলাদেশ ছাত্রলীগের সাজেক ইউনিয়ন কমিটির সাংগঠনিক সম্পাদক। তবে ছাত্রলীগের বাঘাইছড়ি উপজেলার সভাপতি মো. পারভেজ মামুনকে তাঁদের সংগঠনের কর্মী নয় বলে উল্লেখ করে বলেন, ‘আমার জানামতে মামুন পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের সদস্য।’ কিন্তু বাঙালি ছাত্র পরিষদের উপজেলা সভাপতি মো. আবু কাইয়ুম বলেন, ‘আমি খবর নিয়ে নিশ্চিত হয়েছি মামুন ছাত্রলীগের কর্মী।’ ঘটনার তদন্ত কর্মকর্তা বাঘাইছড়ি থানার উপপরিদর্শক (এসআই) মো. মাসুদ বলেন, মামুনকে রাঙামাটির মুখ্য বিচারিক হাকিম আদালতে নেওয়ার পর জেলহাজতে পাঠানো হয়েছে। রাঙামাটি জেনারেল হাসপাতালের স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিভাগের জুনিয়র কনসালট্যান্ট নিহার রঞ্জন নন্দী বলেন, গতকাল আদিবাসী শিশুটির শারীরিক পরীক্ষার চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়েছে। সেখানে ধর্ষণের প্রমাণ পাওয়া গেছে।