আদিবাসী শিশুদের ছাত্রাবাসগুলো চালু করতে মন্ত্রণালয়ের অনীহা!
বান্দরবানে বিদ্যালয়বিহীন দুর্গম এলাকার আদিবাসী শিশুদের প্রাথমিক শিক্ষার আওতায় আনার জন্য নির্মিত পাঁচটি ছাত্রাবাস চালু না হওয়ায় পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। প্রায় ৫০০ ছাত্রছাত্রীর আবাসন সুবিধার ছাত্রাবাসগুলো পরিচালনার জন্য বাজেট বরাদ্দ প্রদানসহ সরকার আগ্রহী না হওয়ায় চালু করা যাচ্ছে না বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।
জেলা পরিষদের চেয়ারম্যান বলেছেন, কেন্দ্রীয় সরকারের বিলম্বের কারণে জেলা পরিষদ থেকে আগামী জানুয়ারিতে ছাত্রাবাসগুলো চালু করার উদ্যোগ নেওয়া হবে। তবে ছাত্রাবাসগুলো কেন্দ্রীয় সরকার অধিভুক্ত না হলে পরিষদের পক্ষে স্থায়ীভাবে পরিচালনা করা কঠিন হয়ে দাঁড়াবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জেলা পরিষদে লেখা একটি চিঠিতে প্রাথমিক শিক্ষা হস্তান্তরিত বিভাগ হিসেবে ছাত্রাবাসগুলো জেলা পরিষদকে পরিচালনা করতে বলা হয়েছে। জেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফিরোজ আহমদ বলেন, প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি দ্বিতীয় পর্যায়ে (পিইডিপি-২) প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে ছাত্রাবাসগুলোর ২০১২ সালে নির্মাণ শেষ হয়েছে। কিন্তু পিইডিপি-৩-এ ছাত্রাবাসগুলো অন্তর্ভুক্ত না হওয়ায় এখনো চালু করা সম্ভব হয়নি।
থানচি, রুমা, রোয়াংছড়ি, লামার চাম্বি ও বান্দরবান সদর উপজেলায় নির্মিত ছাত্রাবাসগুলোতে গিয়ে দেখা যায়, মনোরম ভবনগুলোতে সৌরবিদ্যুতের ব্যবস্থা, পানি সরবরাহ, আসবাবসহ প্রয়োজনীয় সবকিছু প্রস্তুত রয়েছে। নির্মাণকারী স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রকৌশলীরা বলেছেন, শিশুদের পড়াশোনার আধুনিক সব সরঞ্জাম সরবরাহ শেষে ছাত্রাবাসগুলো প্রাথমিক শিক্ষা বিভাগকে হস্তান্তর করা হয়েছে।
জেলা পরিষদের একটি সূত্র জানিয়েছে, যোগাযোগবিচ্ছিন্ন দুর্গম এলাকায় প্রাথমিক শিক্ষার আওতার বাইরে থাকা হাজার হাজার আদিবাসী শিশুর জন্য ছাত্রাবাসগুলো চালু করা জরুরি। এ জন্য জেলা পরিষদ থেকে কয়েকবার প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হলেও মন্ত্রণালয় কোনো আগ্রহ দেখায়নি।
জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা মারমা বলেন, প্রাথমিক শিক্ষা জেলা পরিষদে ন্যস্ত হলেও বাজেট বরাদ্দ সবকিছু মন্ত্রণালয় থেকে দেওয়া হয়। ছাত্রাবাসগুলোর বাজেটও মন্ত্রণালয় থেকে দেওয়া না হলে জেলা পরিষদের পক্ষে পরিচালনা করা কঠিন হবে। কিন্তু দুর্গম এলাকার শিশুদের শিক্ষার আওতার বাইরে রাখা যাচ্ছে না। এ জন্য মন্ত্রণালয়ের অধিভুক্ত না হওয়া পর্যন্ত অন্তর্বর্তী সময়ের জন্য জানুয়ারি থেকে পরিষদের উদ্যোগে চালু করার পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে তিনি জানান।