আদিবাসী শিশুদের মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা গ্রহণের অধিকার আজও প্রতিষ্ঠিত হয়নি। জাতীয় শিক্ষানীতিতে এ অধিকারের বিষয়টি গৃহীত হলেও পাঠ্যপুস্তক প্রণয়নের সরকারি উদ্যোগ দীর্ঘসূত্রতার ফাঁদে পড়েছে। আদিবাসী অধ্যুষিত অঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আদিবাসী শিক্ষক নেই বললেই চলে। পৃষ্ঠপোষকতার অভাবে আদিবাসীদের ভাষা ও সংস্কৃতি হারিয়ে যেতে বসেছে। অনেক ভাষা আজ হুমকির মুখে।
‘আদিবাসী শিশুদের জন্য মাতৃভাষায় শিক্ষা: আমাদের করণীয়’ শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। গত সোমবার চাঁপাইনবাবগঞ্জের নাচোল আদিবাসী একাডেিম মিলনায়তনে ওই সেমিনারের আয়োজন করে আদিবাসীবিষয়ক জাতীয় কোয়ালিশন (এনআইসিপি)। এ অনুষ্ঠানে গণসাক্ষরতা অভিযান এবং গবেষণা ও উন্নয়ন কালেকটিভ (আরডিসি) সহায়তা করে।
দিনব্যাপী ওই সেমিনারে ‘আদিবাসী জনগোষ্ঠীর মাতৃভাষায় শিক্ষার বর্তমান অবস্থা, অন্তরায় ও করণীয়’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন উন্নয়নকর্মী হোপনা কিসকু।
কোয়ালিশনের মহাসচিব মেসবাহ কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক সাংসদ জিয়াউর রহমান। বিশেষ অতিথি ছিলেন নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল কাদের। বক্তব্য দেন আদিবাসী নেতা অনিল মারান্ডি, গণেশ মার্ডি, বিধান চন্দ্র সিং, হিংগু মুরমু, রোজিনা মুরমু, মিনা মাহাতো, ববিতা হাসদা, প্রতিমা বর্মণ, আনোয়ার হোসেন, নুরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন আরডিসির সাধারণ সম্পাদক জান্নাত-এ ফেরদৌসী।