আদিবাসী শিশুরা ভাষাগত সমস্যায় প্রাথমিক থেকে ঝরে পড়ছে
পার্বত্য চট্টগ্রামের আদিবাসী শিশুরা ভাষাগত সমস্যার কারণে প্রাথমিক বিদ্যালয় থেকে ঝরে পড়ছে। শিশুদের চলিত শিক্ষাব্যবস্থার সঙ্গে তাদের নিজ নিজ ভাষায়ও শিক্ষাদানের সুযোগ দিলে ঝরে পড়ার হার কমে যাবে।ঢাকা আহ্ছানিয়া মিশনের ইউনিক প্রকল্পের উদ্যোগে গতকাল বুধবার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সম্মেলনকক্ষে আয়োজিত ‘চাকম, মারমা ও ত্রিপুরা ভাষার চিহ্নযুক্ত বর্ণমালা ও চক্রচার্ট’ প্রকাশনা অনুষ্ঠানে বক্তা ও অংশগ্রহণকারীরা এসব অভিমত ব্যক্ত করেন।এতে সভাপতিত্ব করেন ঢাকা আহ্ছানিয়া মিশনের নির্বাহী পরিচালক এম এহ্ছানুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা ও শিক্ষাবিষয়ক উপকমিটির আহ্বায়ক অংসুইপ্রু চৌধুরী।মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাঙামাটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের সাবেক পরিচালক সুগত চাকমা এবং আলোচক ছিলেন রাঙামাটি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম রিয়াজ উদ্দিন, মারমা ভাষা অ্যাডহক কমিটির সভাপতি ক্য শৈ প্রু মারমা ও জাবারাং কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা। স্বাগত বক্তব্য দেন ঢাকা আহ্ছানিয়া মিশনের প্রশিক্ষণ ও উপকরণ উন্নয়ন বিভাগের পরিচালক এম এ রশিদ।অনুষ্ঠানের শুরুতে তিন আদিবাসী ভাষার চিহ্নযুক্ত বর্ণমালা ও চক্রচার্টের সুদৃশ্য মোড়ক উন্মোচন করা হয়। শেষ পর্বে মুক্ত আলোচনায় আলোচক ও অংশগ্রহণকারীরা চাকমা, মারমা ও ত্রিপুরা ভাষার চিহ্নযুক্ত বর্ণমালা ও চিহ্নযুক্ত চক্রচার্ট প্রকাশনার প্রশংসা করে পার্বত্য চট্টগ্রামের শিশুদের জন্য প্রাথমিক বিদ্যালয়গুলোতে দ্রুত মাতৃভাষায় শিক্ষাদান শুরুর ওপর গুরুত্বারোপ করেন।অনুষ্ঠানে শতাধিক শিক্ষাবিদ, গবেষক, এনজিও কর্মী ও বিভিন্ন আদিবাসী সম্প্রদায়ের প্রতিনিধি অংশ নেন।