আদিবাসী শ্রমিক খুনের প্রতিবাদে বিক্ষোভ
নওগাঁর মান্দা উপজেলার চকগোপাল গ্রামে গত শুক্রবার সন্ত্রাসী হামলায় আদিবাসী চার শ্রমিক নিহত হওয়ার প্রতিবাদে এবং ভূমিদস্যু-সন্ত্রাসীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে জাতীয় আদিবাসী পরিষদ গতকাল সোমবার শহরে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে।মানববন্ধন কর্মসূচিতে আদিবাসী পরিষদের সদস্য ছাড়াও জেলা কমিউনিস্ট পার্টি ও বাসদের নেতা-কর্মীরা অংশ নেন। শহরের মুক্তির মোড়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে প্রধান সড়কে দুপুর ১২টায় শুরু হওয়া মানববন্ধন চলে বেলা একটা পর্যন্ত। পরে এক সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দেন জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি বিমলচন্দ্র বাজোয়ার, অনিল মারান্ডি, সবিনচন্দ্র মুন্ডা, নরেন পাহান, রেবেকা সরেন, সুধীর পাহান, সুসেন কুমার শ্যাম দুয়ার প্রমুখ। বক্তারা চকগোপাল গ্রামে চারজন আদিবাসী শ্রমিককে নির্মমভাবে হত্যার বিচার বিভাগীয় তদন্তসহ হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানান। পরে তাঁরা শহরের প্রধান সড়ক ঘুরে বিক্ষোভ প্রদর্শন করেন এবং জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি দেন। গত শুক্রবার সকালে কয়েকজন আদিবাসী শ্রমিক চকগোপাল গ্রামের ডালিম নামের এক জোতদারের পক্ষে তাঁর দখলে থাকা একটি বিরোধপূর্ণ জমির ধান কাটতে গেলে ওই জমির অপর দাবিদার একই গ্রামের আনোয়ার হোসেনের লোকজন হামলা চালায়। এতে ঘটনাস্থলে দুজন ও হাসপাতালে নেওয়ার পথে একজন আদিবাসী শ্রমিকের মৃত্যু হয়। মারাত্মক আহত হন আট শ্রমিক। পরে আহত আরও একজন আদিবাসী শ্রমিক মারা যান।