আদিবাসী সংস্কৃতি মেলা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটিতে গতকাল বৃহস্পতিবার থেকে ১৩তম আদিবাসী সংস্কৃতি মেলা শুরু হয়েছে। পার্বত্য চট্টগ্রামের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন জুম ঈসথেটিকস কাউন্সিলের (জাক) উদ্যোগে এ কে খান ফাউন্ডেশনের সহযোগিতায় রাঙামাটি সাংস্কৃতিক ইনস্টিটিউট প্রাঙ্গণে আয়োজিত মেলা চলবে তিন দিন।
বৈশাখের তপ্ত সূর্য রাঙামাটি শহরের পশ্চিম পাশের সুউচ্চ পাহাড় ‘ফুরোমোন’র আড়ালে চলে যাওয়ার মুহূর্তে মঙ্গলপ্রদীপ জ্বালিয়ে ১৩তম পার্বত্য চট্টগ্রাম আদিবাসী মেলার উদ্বোধন করেন লেখক, কবি ও গীতিকার চিত্রমোহন চাকমা।
এরপর ১৩টি আদিবাসী ভাষায় রচিত উদ্বোধনী সংগীত ‘পাহাড় আর ঝরনায় আমরা ১৩টি জাতি আদিবাসী আছি মিলেমিশে, নেই কোনো ভেদাভেদ, রেষারেষি’ পরিবেশন করে জাকের সংগীত প্রশিক্ষণ কেন্দ্রের শিল্পীরা।
উদ্বোধনের পরপরই সাহিত্য ও সংস্কৃতি ক্ষেত্রে অবদানের জন্য তিনজনকে ‘জাক সম্মাননা’ দেওয়া হয়। তাঁদের মধ্যে সংস্কৃতিতে সুরেন্দ্র লাল ত্রিপুরা (মরণোত্তর) এবং সাহিত্যে বর্ষীয়ান লেখক বীর কুমার তঞ্চঙ্গ্যা ও সুহূদ চাকমাকে (মরণোত্তর) সম্মাননা দেওয়া হয়।
এরপর জাকের সভাপতি মিহির বরণ চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন চাকমা রাজা দেবাশীষ রায়, এ কে খান ফাউন্ডেশনের চেয়ারম্যান শাসুদ্দিন খান, বরেণ্য নাট্যজন মামুনুর রশীদ, সংস্কৃতিকর্মী শিশির চাকমা।