আদিবাসী সংস্কৃতি মেলায় ঐক্য ও শান্তির আহ্বান
পার্বত্য চট্টগ্রামের ১১টি আদিবাসী জাতিসত্তাসহ সব সম্প্রদায়ের ঐক্য ও শান্তির আহ্বানের মধ্য দিয়ে রাঙামাটিতে শুরু হয়েছে ঐতিহ্যবাহী ১২তম আদিবাসী সংস্কৃতি মেলা। গতকাল বৃহস্পতিবার রাঙামাটি শহরের সংস্কৃতি ইনস্টিটিউট প্রাঙ্গণে শুরু হওয়া সংস্কৃতি মেলা চলবে তিন দিন। পার্বত্য চট্টগ্রামের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন জুম ঈসথেটিকস কাউন্সিল ১৯৯৮ সাল থেকে রাঙামাটিতে আদিবাসী সংস্কৃতি মেলার আয়োজন করে আসছে। তবে ২০০৯ থেকে ২০১১ সালে মেলা অনুষ্ঠিত হয়নি। এবারের মেলার আয়োজনে সহযোগিতা করছে এ কে খান গ্রুপ। গতকাল বিকেল সাড়ে পাঁচটায় মেলার যৌথ উদ্বোধকদের মধ্যে বম সম্প্রদায়ের লোকশিল্পী বেলনাই বম ও চাকমাদের চারণ কবি (গেংখুলী) রমণী মোহন চাকমা বলেন, ‘আদিবাসী মেলাকে ঘিরে আজকে ১১টি আদিবাসী জাতিসত্তাসহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষ একত্র হয়েছেন। এ মেলা যেন আমাদের মাঝে আলো ছড়িয়ে দিতে পারে।’এর আগে রমণী মোহন চাকমা বেহালার সুরে উবোগীদ (চাকমা চারণ সংগীত) ও বেলনাই বম এবং তাঁর দলের নয় সদস্য ঐতিহ্যবাহী মুরুং বাঁশিতে তাঁদের প্রধান সামাজিক উৎসব ‘গো-হত্যা’ উৎসবের সময় বাজানো সুরের ধ্বনি তোলেন।এরপর আদিবাসীদের জুমখেতের অস্থায়ী জুমঘরের আদলে তৈরি মঞ্চে শুরু হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি বাংলাদেশ মানবাধিকার কমিশনের সদস্য নিরূপা দেওয়ান বলেন, বাংলাদেশের বৃহত্তর সংস্কৃতির পাশাপাশি আদিবাসীদের ঐতিহ্যবাহী ও বৈচিত্র্যময় সংস্কৃতি তুলে ধরতে এ আদিবাসী সংস্কৃতি মেলা। পার্বত্য চট্টগ্রামের ঐতিহ্যবাহী সংস্কৃতি সংরক্ষণ, প্রসার ও প্রচারে এ মেলা গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছে। জুম ঈসথেটিকস কাউন্সিলের সভাপতি মিহির বরণ চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন সংগঠনের সহসাধারণ সম্পাদক গঙ্গামানিক চাকমা। সংস্কৃতি মেলায় ১১টি আদিবাসী সম্প্রদায়ের ঐতিহ্যবাহী পোশাক-পরিচ্ছদ, শিকারযন্ত্র, নিজস্ব বর্ণমালায় লেখা বই, ইতিহাস-ঐতিহ্য প্রদর্শনসহ সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক পরিবেশনের ব্যবস্থা করা হয়েছে বলে আয়োজকেরা জানান। উদ্বোধনী দিনে সংস্কৃতি ইনস্টিটিউট মিলনায়তনে চাকমা নাটক ও মেলামঞ্চে বম, খিয়াং, তঞ্চঙ্গ্যা ও অহমিয় সাংস্কৃতিক দল সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।