আদিবাসী জনগোষ্ঠীর বিভিন্ন সম্প্রদায়ের সাংস্কৃতিক ব্যক্তিত্বরা বলেছেন, রাজনৈতিক সংকট পার্বত্য চট্টগ্রামের আদিবাসী সংস্কৃতির নেতিবাচক পরিবর্তনকে ত্বরান্বিত করেছে। তাঁরা আদিবাসী সংস্কৃতি সংরক্ষণ ও সাংস্কৃতিক অধিকার রক্ষায় আন্দোলন গড়ে তুলতে সব সম্প্রদায়ের সমন্বয়ে সাংস্কৃতিক ফোরাম গঠনের ওপর জোর দেন।
গতকাল শুক্রবার ১৩তম পার্বত্য চট্টগ্রাম আদিবাসী সংস্কৃতি মেলা উপলক্ষে রাঙামাটি সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত ‘সাংস্কৃতিক অধিকার ও আদিবাসী সংস্কৃতি’ শীর্ষক গোলটেবিল আলোচনায় এ অভিমত ব্যক্ত করেন।
সেন্টার ফর ইন্টিগ্রেটেড প্রোগ্রাম অ্যান্ড ডেভেলপমেন্টের (সিআইপডি) সহযোগিতায় জুম ঈসথেটিকস কাউন্সিল (জাক) গোলটেবিল আলোচনার আয়োজন করে।
প্রধান আলোচক ছিলেন চাকমা সার্কেল প্রধান রাজা দেবাশীষ রায়। এ সময় বক্তব্য দেন অধ্যাপক মংসানু চৌধুরী, সুদত্ত বিকাশ তঞ্চঙ্গ্যা, থুইচা প্রু খিয়াং, যোহান ম্রো, মথুরা বিকাশ ত্রিপুরা, লাল সোয়াক লিয়ানা পাংখোয়া, সুস্মিতা চাকমা ও চিং মে প্রু মারমা। সঞ্চালক ছিলেন জুম ঈসথেটিকস কাউন্সিলের প্রকাশনা সম্পাদক অম্লান চাকমা। স্বাগত বক্তব্য দেন সিআইপিডিএর প্রধান নির্বাহী জনলাল চাকমা।