পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা বলেছেন, পার্বত্য চট্টগ্রামে দীর্ঘদিন ধরে পাহাড়ের প্রাকৃতিক বন শূন্য করা হয়েছে। একই সঙ্গে শূন্য হয়ে গেছে আমাদের জীবনও। এখানে যুগ যুগ ধরে আদিবাসী ঐতিহ্য ও সংস্কৃতিবিরোধী ষড়যন্ত্র চলে আসছে।গতকাল রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সভাকক্ষে বেসরকারি সংস্থা টংগ্যা আয়োজিত ‘পার্বত্য চট্টগ্রামের গ্রামীণ সাধারণ বন তথা পরিবেশ ও প্রতিবেশ সংরক্ষণবিষয়ক আঞ্চলিক সম্মেলনে’ প্রধান অতিথির বক্তব্যে সন্তু লারমা এসব কথা বলেন। চাকমা সার্কেলের প্রধান রাজা দেবাশীষ রায়ের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা ও বোমাং সার্কেলপ্রধানের (রাজা) প্রতিনিধি রাজকুমার চহ্লা প্রু জিমি।যুগ যুগ ধরে পার্বত্য চট্টগ্রামের আদিবাসীরা বিভিন্ন গ্রাম ও মৌজায় সমষ্টিগত মালিকানায় যে প্রাকৃতিক বন সংরক্ষণ করে থাকে, তাকে স্থানীয়ভাবে গ্রামীণ সাধারণ বন বলা হয়।সন্তু লারমা বলেন, বন ও ভূমি পার্বত্য চট্টগ্রামের আদিবাসী ও বাঙালি স্থায়ী বাসিন্দাদের জীবনযাত্রা রীতিনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তাই পার্বত্য চুক্তি অনুযায়ী অতিসত্বর এ দুটি বিভাগ পার্বত্য জেলা পরিষদের কাছে হস্তান্তর করা প্রয়োজন। সভাপতি রাজা দেবাশীষ রায় বলেন, ধনী মানুষের বন প্রয়োজন হয় না। গরিবদের জন্য বনের প্রয়োজনীয়তা অপরিসীম। তাদের অসুখে-বিসুখে বনৌষধি এবং বাড়িঘর নির্মাণের জন্য গাছ ও বাঁশ বন থেকে নিতে হয়। আর শত শত প্রজাতির গাছপালা থাকায় গ্রামীণ সাধারণ বন পরিবেশ-প্রতিবেশের আধার। কিন্তু সরকারি আইনে আদিবাসীদের গ্রামীণ সাধারণ বনের কোনো স্থান নেই। সম্মেলনে গ্রামীণ সাধারণ বন ও গ্রামীণ জনগণের উন্নয়ন কৌশলপত্র উপস্থাপন করেন উন্নয়ন বিশেষজ্ঞ কীর্তি নিশান চাকমা।