আদিবাসী সিরাপিনা আত্মহনন মামলায় নয়জনের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার আমতলী গ্রামের আদিবাসী তরুণী সিরাপিনা মার্ডি আত্মহনন মামলায় নয়জন আসামিকে দণ্ড দেওয়া হয়েছে। এর মধ্যে পাঁচ আসামিকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড, দুই লাখ টাকা করে জরিমানা ও অনাদায়ে আরও তিন বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।দণ্ড পাওয়া আসামিরা হলেন নির্মল টুডু, জুয়েল, সিমন হেমব্রম, জুলিয়ান ও কার্লুস মার্ডি। তাঁরা সবাই পলাতক।রাজশাহী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক এ কে এম একরামুল হক গত সোমবার এই রায় ঘোষণা করেন। মামলায় অপর ১৩ আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁদের বেকসুর খালাস দেওয়া হয়েছে।একই আদালত গতকাল বুধবার এই মামলায় অপ্রাপ্ত বয়স্ক চার আসামি পরিমল, রাজন, ইলিয়াস ও সাইমনকে আট বছর করে সশ্রম কারাদণ্ড, প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করেছেন।মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০১০ সালের ৪ এপ্রিল রাতে সিরাপিনা ধর্ষণের শিকার হন। এ ঘটনায় তাঁর বাবা কর্নেলিউস মার্ডি মামলা করেন। মামলায় আসামিরা খালাস পেয়ে মেয়েটিকে নানা অপমানজনক কথা বলতে থাকেন। অপমান সহ্য করতে না পেরে মানসিক ভারসাম্য হারিয়ে গত বছরের ১৭ ফেব্রুয়ারি সিরাপিনা নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগান। ২০ ফেব্রুয়ারি তিনি মারা যান।এ ঘটনায় সিরাপিনার মা মুশান্না সরেন ১০ মার্চ রাজশাহীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে নয়জনের বিরুদ্ধে একটি মামলা করেন। মামলায় গোদাগাড়ী থানার উপপরিদর্শক আতিকুজ্জামান গত ২৩ মে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।