চাকমা সার্কেলপ্রধান ও জাতিসংঘের আদিবাসীবিষয়ক স্থায়ী ফোরামের সদস্য রাজা দেবাশীষ রায় বলেছেন, আদিবাসী হিসেবে স্বীকৃতি আদায় না হওয়া পর্যন্ত সরকারকে চাপ দিতে হবে। রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় গতকাল রোববার এক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।দেবাশীষ রায় বলেন, ‘আদিবাসী’ শব্দটি ব্যবহার করলে বাংলাদেশ থেকে পার্বত্য চট্টগ্রাম বিচ্ছিন্ন হয়ে যেতে পারে বলে সরকারকে অপব্যাখ্যা দিয়েছে একটি মহল। তাই আদিবাসীদের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী হিসেবে আখ্যা দিচ্ছে সরকার।দেবাশীষ রায় গতকাল বাঘাইছড়ি উপজেলার সারোয়াতলী ইউনিয়নে জনসমষ্টি ক্ষমতায়ন প্রকল্প পরিদর্শন করেন। ইউএনডিপি ও সিএইচটিডিএফের অর্থায়নে স্থানীয় উন্নয়ন সংস্থা হিলেহিলি এই প্রকল্পটি পরিচালনা করে। শিজকমূখ কলেজ মাঠে আয়োজিত এক মতবিনিময় সভায় এলাকাবাসীর উদ্দেশে দেবাশীষ রায় বলেন, ‘ইউএনডিপি ও সিএইচটিডিএফের এই প্রকল্প আজীবন থাকবে না। অনেক আদিবাসী এই প্রকল্পের সুফল পেয়ে স্বাবলম্বী হয়েছেন। আপনারা একত্র হয়ে কাজ করেন। সবাই মিলে কাজ করলে এলাকার উন্নয়ন হবে। সব ধরনের উন্নয়নমূলক কাজে নারীদের সম্পৃক্ত রাখতে হবে।’মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সাবেক ইউপি চেয়ারম্যান প্রিয়নন্দ চাকমা। বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দীপ্তিমান চাকমা, কলেজ অধ্যক্ষ সুভাষ দত্ত চাকমা, রুপকারী মৌজার প্রধান বিশ্বজিৎ চাকমা, বর্তমান ইউপি চেয়ারম্যান যোতিন রায় চাকমা প্রমুখ।