আদিবাসী স্বীকৃতির দাবিতে সবাইকে এক মঞ্চে আসতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য চট্টগ্রাম চাকমা সার্কেল-প্রধান ও জাতিসংঘের আদিবাসীবিষয়ক স্থায়ী ফোরামের এশিয়া অঞ্চলের সদস্য রাজা দেবাশীষ রায় বলেন, পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক সংগঠনগুলোর আলাদা আলাদা মতামত ও আদর্শ থাকতে পারে। কিন্তু জাতিসত্তার অধিকার ও আদিবাসী স্বীকৃতির দাবিতে সবাইকে এক মঞ্চে আসতে হবে। গতকাল মঙ্গলবার খাগড়াছড়ির দীঘিনালার বড়াদম কমিউনিটি সেন্টারে দীঘিনালা আদিবাসীদের উদ্যোগে রাজা দেবাশীষ রায়কে সংবর্ধনা দেওয়া হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজা দেবাশীষ রায় বলেন, ‘ভ্রাতৃঘাতী সংঘাতে একের পর এক মৃত্যু হচ্ছে, তা জাতির জন্য মঙ্গলজনক নয়। পার্বত্য চট্টগ্রামে ভ্রাতৃঘাতী সংঘাত বন্ধ করতে উদ্যোগ নিয়েছি, এতে দলমত-নির্বিশেষে সবার সহযোগিতা প্রয়োজন। ভ্রাতৃঘাতী সংঘাত ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতির দাবিতে শামিল হতে হবে। সরকারকে বোঝানোর চেষ্টা করছি, আমাদের আদিবাসী হিসেবে স্বীকৃতি দেওয়া মানে আমরা বিচ্ছিন্নতাবাদী হয়ে যাওয়া নয়। একজন বাঙালি যেমন চাকমা, মারমা, ত্রিপুরাসহ অন্য জাতির পরিচয় দিতে পারবে না; তেমনি আমরাও নিজেকে বাঙালি হিসেবে পরিচয় দিতে পারব না।’রাজা দেবাশীষ রায় আরও বলেন, ‘সাংবিধানিকভাবে যাই থাকুক না কেন, আমাদের কেউ জোর করে বাঙালি বানাতে পারবে না। তিনি সবার উদ্দেশে বলেন, নিজেদের কৃষ্টি, সংস্কৃতি, ঐতিহ্য ও সামাজিকতা নিজেদেরই সংরক্ষণ করতে হবে।’এতে সভাপতিত্ব করেন দীঘিনালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ধর্ম্মবীর চাকমা। অন্যদের মধ্যে বক্তব্য দেন খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান কুজেন্দ্রলাল ত্রিপুরা, পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটির সভাপতি গৌতম দেওয়ান, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত সচিব তারা চরণ চাকমা, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি নবকমল চাকমা, উপজেলা হেডম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি দীপংকর দেওয়ান, ভারত-প্রত্যাগত শরণার্থী নেতা আনন্দ মোহন চাকমা প্রমুখ।