‘ক্ষুদ্র নৃগোষ্ঠী নয়, আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি চাই’ স্লোগান সামনে রেখে রাঙামাটিতে আদিবাসীদের প্রধান সামাজিক উৎসব বিঝু সাংগ্রাই বৈসুক বিষু বৈসাবি উৎসবের কর্মসূচি শুরু হয়েছে। এ উপলক্ষে গতকাল শনিবার আয়োজন করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা ও পিঠা উৎসবের।সকালে বিঝু সাংগ্রাই বৈসুক বিষু উদ্যাপন কমিটি আয়োজিত শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি ও আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা বলেন, ‘আমরা চাই সরকার এ বছরের মধ্যে পার্বত্য চুক্তি বাস্তবায়ন ও আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতির দাবি বাস্তবায়নের কাজ শুরু করুক।’ তিনি বলেন, সরকারের একটি বিশেষ মহলের ষড়যন্ত্রের কারণে পার্বত্য চুক্তি বাস্তবায়িত হতে পারছে না। সে কারণে পার্বত্য চট্টগ্রামের আদিবাসীরা নিজেদের প্রধান সামাজিক উৎসব নির্বিঘ্নে পালন করতে পারছে না।শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা।২০১১ সালের বিঝু সাংগ্রাই বৈসুক বিষু উদ্যাপন কমিটির সভাপতি প্রকৃতি রঞ্জন চাকমার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন আদিবাসী জনগোষ্ঠীর নেতারা বক্তব্য দেন। এরপর রাঙামাটি পৌরসভা প্রাঙ্গণ থেকে শিল্পকলা একাডেমী পর্যন্ত শোভাযাত্রায় কয়েক হাজার আদিবাসী নিজস্ব পোশাক পরে, বাদ্যযন্ত্র বাজিয়ে নেচে-গেয়ে অংশ নেয়।