আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতির দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ক্ষুদ্র নৃগোষ্ঠী হিসেবে নয়, আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি চাই’—এই দাবিতে গতকাল শনিবার দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন ও সমাবেশ করা হয়েছে। এ ছাড়া জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপিও দেওয়া হয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর।বান্দরবান: সকাল ১০টায় স্থানীয় প্রেসক্লাব চত্বরে মারমা, ত্রিপুরা, ম্রো, তঞ্চঙ্গ্যা, চাকমাসহ বান্দরবানে বসবাসরত ১১টি আদিবাসী জনগোষ্ঠীর শত শত নারী-পুরুষ বর্ণাঢ্য পোশাকে সজ্জিত হয়ে স্বতঃস্ফূর্তভাবে মানববন্ধনে অংশ নেয়।মানববন্ধন শেষে নাগরিক কমিটির সহসভাপতি জুয়ামলিয়ান আমলাইয়ের সভাপতিত্বে সমাবেশ হয়। সমাবেশে বক্তব্য দেন জেলা পরিষদের সাবেক সদস্য ও নাগরিক কমিটির জেলা সভাপতি নুশৈপ্রু চৌধুরী, জনসংহতি সমিতির জেলা সাধারণ সম্পাদক উছোমং মারমা, বন ও ভূমি অধিকার সংরক্ষণ আন্দোলনের সদস্য দেন্দোহা জলাই ত্রিপুরা, আদিবাসী ফোরামের জেলা সাধারণ সম্পাদক অংছোমং মারমা, সাংস্কৃতিক কর্মী জলিমং মারমা প্রমুখ।বক্তারা সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটির কো-চেয়ারম্যান সুরঞ্জিত সেনগুপ্তের বক্তব্যের তীব্র প্রতিবাদ করে বলেন, তাঁর বক্তব্য স্বাধীনতাবিরোধী মৌলবাদী শক্তি ও পার্বত্য চট্টগ্রামের অস্থিতিশীল পরিস্থিতির সুবিধাভোগী আমলাচক্রের বক্তব্যের সংশোধিত সংস্করণ ছাড়া কিছুই নয়। তাঁরা বলেন, ওই মৌলবাদী ও আমলাচক্রের ষড়যন্ত্রের কাছে সরকার এবং সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটি নতিস্বীকার করে আদিবাসীদের ক্ষুদ্র নৃগোষ্ঠী হিসেবে সংবিধানে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিচ্ছে। স্বাধীনতার পর আদিবাসীদের সংবিধানে অন্তর্ভুক্ত না করে জাতীয় মূল স্রোতধারা থেকে বিচ্ছিন্ন রেখে পার্বত্য চট্টগ্রাম নিয়ে জাতিকে চরম খেসারত দিতে হয়েছে। এবারও আদিবাসী হিসেবে স্বীকৃতি না দিলে সে রকমই খেসারত দিতে হবে।উল্লেখ্য, ১৫ মার্চ সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটির সভা শেষে এক সংবাদ ব্রিফিংয়ে কমিটির কো-চেয়ারম্যান সুরঞ্জিত সেনগুপ্ত বলেছিলেন, ‘ক্ষুদ্র জাতিগোষ্ঠী “আদিবাসী” নাকি “উপজাতি”, এটি একটি বড় ইস্যু। ১৯৭২-এ সংবিধান প্রণয়নের সময় আমরা তাদের সাংবিধানিক স্বীকৃতি দিতে পারিনি। তাই কমিটি এবার বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করছে।’ তবে ক্ষুদ্র জাতিগোষ্ঠী সাংবিধানিকভাবে ‘আদিবাসী’ বা ‘উপজাতি’ হিসেবে সংজ্ঞায়িত হবে না জানিয়ে তিনি বলেন, কমিটি এদের ‘ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠী’ হিসেবে স্বীকৃতি দেওয়ার সুপারিশ করবে।রাঙামাটি: সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে চট্টগ্রাম-রাঙামাটি সড়কে মানববন্ধন করা হয়। মানববন্ধনে পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটির সভাপতি ও মানববন্ধন কর্মসূচির সভাপতি গৌতম দেওয়ান সুরঞ্জিত সেনগুপ্তের বক্তব্যের সমালোচনা করে বলেন, আদিবাসীরা ক্ষুদ্র নৃগোষ্ঠীর পরিচয় মানবে না। সরকার যদি আদিবাসী হিসেবে স্বীকৃতি না দেয়, তাহলে আগামীতে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য নিরূপা দেওয়ান ও বাংলাদেশ আদিবাসী ফোরামের পার্বত্য চট্টগ্রাম শাখার সভাপতি প্রকৃতি রঞ্জন চাকমা।মানববন্ধনে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চারজন চেয়ারম্যানসহ জনসংহতি সমিতি, আওয়ামী লীগ, বিএনপি, কমিউনিস্ট পার্টি এবং বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া, ব্যবসায়ী ও পেশাজীবী সংগঠনের চার হাজারের বেশি নেতা-কর্মী উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে জেলা প্রশাসক সৌরেন্দ্র নাথ চক্রবর্তীর মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর একটি স্মারকলিপি দেওয়া হয়।খাগড়াছড়ি: সকাল ১০টায় পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটি ও বাংলাদেশ আদিবাসী ফোরামের নেতৃত্বে বিভিন্ন সংগঠন খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে ।প্রবীণ শিক্ষক প্রজ্ঞাবীর চাকমার সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটির সদস্য উক্য জেন মারমা, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মণীন্দ্র লাল ত্রিপুরা প্রমুখ।বক্তারা বলেন, সরকারের উচ্চপর্যায়ের কিছু অংশের হীনম্মন্যতার কারণে এ দেশের আদিবাসীরা সাংবিধানিক স্বীকৃতি থেকে বঞ্চিত হচ্ছে। এ দেশের আদিবাসীরা চাপিয়ে দেওয়া পরিচয়ে পরিচিত হতে চায় না। আদিবাসীরা যে পরিচয়ে স্বাচ্ছন্দ্য বোধ করে সেই পরিচয়ে পরিচিত হবে এবং সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। মানববন্ধনের পর জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়।ঠাকুরগাঁও: বেলা ১১টার দিকে স্থানীয় প্রেসক্লাব চত্বর থেকে জেলা জাতীয় আদিবাসী পরিষদের একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চৌরাস্তায় এসে শেষ হয়। সেখানে মানববন্ধন করা হয়। মানববন্ধনে বক্তব্য দেন আদিবাসী পরিষদের উপদেষ্টা এমরান চৌধুরী, শামসুজ্জোহা বাবলু, আদিবাসী পরিষদের সাধারণ সম্পাদক বাবুল তিগ্যা প্রমুখ।সিলেট: সিলেট বিভাগের আদিবাসী জনগোষ্ঠীর সম্মিলিত উদ্যোগে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সকালে মানববন্ধন ও সমাবেশ হয়।বাংলাদেশ আদিবাসী ফোরামের অর্থ সম্পাদক এন্ড্রু সলমার সভাপতিত্বে সমাবেশে খাসিয়া পনরয় সমাজকল্যাণ সমিতির সভাপতি ওয়েলকাম লম্বা, এথনিক কমিউনিটি ডেভেলপমেন্ট অরগানাইজেশনের নির্বাহী পরিচালক লক্ষ্মীকান্ত সিংহ, টিডবিউএএসের ভারপ্রাপ্ত সভাপতি দানেশ সাংমাসহ সিলেট বিভাগের আদিবাসী বিভিন্ন সংগঠনের নেতারা বক্তৃতা দেন।