আদিবাসীকে নির্মমভাবে নির্যাতনের অভিযোগ
দিনাজপুরের হাকিমপুর উপজেলায় মজনু কিসকু (২৫) নামের এক আদিবাসী যুবককে নির্মমভাবে নির্যাতন করা হয়েছে। ধূমপান করার অভিযোগ তুলে সাবেক এক ইউপি চেয়ারম্যান এ ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।আহত মজনু স্থানীয় ট্রলিচালক ও উপজেলার খট্টা আদিবাসীপাড়ার বিমল কিসকুর ছেলে। বর্তমানে তিনি বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। ৯ মার্চ রাতে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ করা হলেও এখনো মামলা হয়নি।আহতের বাবা বিমল কিসকু অভিযোগ করেন, ৯ মার্চ রাত সাড়ে ১০টার দিকে মজনু কিসকুসহ তিনজন স্টেশন ডাঙ্গাপাড়া বাজারে স্থানীয় আশরাফুল ইসলামের কাছে ট্রলি জমা রেখে বাড়ির উদ্দেশে রওনা দেন। উপজেলার খট্টামাধবপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান মোখলেছুর রহমান ও তাঁর সহযোগী দুলাল চৌধুরীকে পাশ কাটিয়ে বাজারের রেলগেট পার হওয়ার সময় মোখলেছুর রহমান তাঁদের কাছে ডেকে নিয়ে তাঁর সামনে বিড়ি খাওয়ার অভিযোগ এনে কৈফিয়ত চান। এ সময় তাঁরা কোনো জবাব না দিয়ে চুপ থাকলে মোকলেছুর উত্তেজিত হয়ে মজনু কিসকুকে বেদম মারধর করেন। তখন মজনুর সঙ্গীরা পালিয়ে যান। একপর্যায়ে মোকলেছুর মজনু কিসকুকে মাটিতে ফেলে গলায় পা তুলে দিলে জিহ্বা বের হয়ে আসে। এ সময় মোকলেছুর তাঁর জিহ্বা টানাটানি করতে থাকলে মজনু মোকলেছুরের হাতে কামড় দিয়ে চিৎকার দিলে লোকজন ছুটে আসে। তখন স্থানীয় লোকজন ও ট্রলির মালিক আশরাফুল ঘটনাস্থল থেকে মজনু কিসকুকে জখম অবস্থায় উদ্ধার করে ওই রাতেই বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করেন। বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রেজাউল বারী বলেন, মুমূর্ষু অবস্থায় মজনু কিসকুকে রাতে হাসপাতালে আনা হয়। এ সময় তাঁর জিহ্বার নিচে পাঁচটি সেলাই দেওয়া হয়েছে। শরীরেও আঘাতের চিহ্ন ছিল। এ ব্যাপারে মোকলেছুর রহমান বলেন, আমার দোকানের পাশে তাঁরা গাঁজা খাচ্ছিল। এ কারণে মজনু কিসকুকে থাপড় মারলে দেয়ালে ধাক্কা লেগে দাঁতের সঙ্গে জিহ্বা লেগে কেটে যায়। তাঁর গলায় পা তুলে শ্বাসরোধ বা জিহ্বা টেনে ছিঁড়ে ফেলার অভিযোগ সত্য নয়। থানার উপপরিদর্শক (এসআই) আবদুল মান্নান বলেন, রোববার রাতে বিরামপুর হাসপাতালে চিকিৎসাধীন ওই ব্যক্তিকে দেখে এসে মোকলেছকে অভিযুক্ত করে থানায় একটি জিডি করা হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দীন বলেন, মোকলেছুর আদিবাসীকে মারধর করে কাজ ভালো করেনি। তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইউপি চেয়ারম্যান শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহতের পরিবারসহ আদিবাসী নেতারা আমার কাছে অভিযোগ করেছেন। মোকলেছুর স্থানীয় প্রভাবশালী হওয়ায় তাঁরা তাঁর বিরুদ্ধে মামলা করার সাহস পাচ্ছেন না। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে।