আদিবাসীদের অধিকার নিশ্চিত না হলে গণতন্ত্র প্রশ্নবিদ্ধ হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের সমতলে এবং পার্বত্য চট্টগ্রামে দুই ধরনের শাসন চলছে। দীর্ঘদিন ধরে পার্বত্য চট্টগ্রামে মূলত সেনাশাসন চলছে। এক দেশে দুই ধরনের আইন পাশাপাশি চলতে পারে না। অধিকার আদায়ে আদিবাসীরা অগ্রসর হলেই তাদের নিপীড়নের মুখোমুখি হতে হয়। আদিবাসীদের ওপর নির্যাতন-নিপীড়নের হিসাব সরকারকে দিতে হবে।রাঙামাটি জেলার বাঘাইছড়িতে আদিবাসীদের ওপর হামলার প্রতিবাদে গতকাল রোববার রাজধানীর মুক্তাঙ্গনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তারা এসব কথা বলেন। সমাবেশের আয়োজকেরা বলেন, আদিবাসীদের অধিকার নিশ্চিত না হলে গণতন্ত্র বরাবরের মতোই প্রশ্নবিদ্ধ হবে।ঢাকার সর্বস্তরের পাহাড়ি ছাত্র-যুব-জনতার ব্যানারে আয়োজিত সমাবেশে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, আদিবাসীদের প্রতি কোনো সরকারই ন্যায়সংগত আচরণ করেনি। সরকারই পার্বত্য চট্টগ্রামের সমস্যা জিইয়ে রাখছে। সমাবেশ থেকে সাম্প্রতিক হামলার বিচারবিভাগীয় তদন্ত করে মূল ঘটনা জনগণের সামনে তুলে ধরার আহ্বান জানানো হয়।সমাবেশের সভাপতি সুমেন চাকমা অভিযোগ করেন, শাসকেরা হামলা করে উল্টো আদিবাসীদের সম্পর্কে গণমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য দেয়। তিনি বলেন, এই কৌশল বন্ধ না করলে তাদের চরম মূল্য দিতে হবে।কয়েকটি রাজনৈতিক সংগঠন সংহতি জানিয়ে বিক্ষোভ সমাবেশে যোগ দেয়। জাতীয় মুক্তি কাউন্সিলের সাধারণ সম্পাদক ফয়জুল হাকিম বলেন, বছরের পর বছর পার্বত্য চট্টগ্রামে আতঙ্কের পরিবেশ সৃষ্টি করে রাখা হয়েছে। তিনি বলেন, ভূমি বিরোধ জিইয়ে রেখে আদিবাসী-বাঙালি সম্পর্ক উন্নয়ন ও পার্বত্য চট্টগ্রাম শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়।সমাবেশে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন আলোকচিত্রী শহিদুল আলম, সাম্রাজ্যবাদবিরোধী ছাত্র ঐক্যের সমন্বয়ক মোস্তফা মাহাবুব, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের ঢাকা নগরের সভাপতি মিনহাজ আহমেদ ও আয়োজক সংগঠনের সভাপতি সুচারু চাকমা। সমাবেশ থেকে বলা হয়, গণমাধ্যমে প্রশাসনের দেওয়া তথ্যনির্ভর প্রতিবেদন প্রকাশ ও প্রচারের কারণে আদিবাসীদের সম্পর্কে সমতলের মানুষদের নেতিবাচক মনোভাব তৈরি হয়। সমাবেশ শেষে একটি মিছিল বের হয়। মিছিলটি প্রেসক্লাবের সামনে শেষ হয়। বিভিন্ন সংগঠনের বিবৃতি ও কর্মসূচিবাঘাইছড়ির ঘটনায় বিভিন্ন রাজনৈতিক ও মানবাধিকার সংগঠন নিন্দা জানিয়েছে এবং ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করেছে। গতকাল আইন ও সালিশ কেন্দ্র (আসক) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঘটনার নিরপেক্ষ তদন্ত ও ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের ব্যবস্থা করার দাবি জানিয়েছে।পৃথক বিজ্ঞপ্তিতে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি পার্বত্য শান্তিচুক্তির পরিপূর্ণ বাস্তবায়নের মধ্য দিয়ে পার্বত্য চট্টগ্রামে শান্তি ফেরানোর আহ্বান জানায়। বাঘাইছড়ির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, পার্বত্য চট্টগ্রামে অবস্থানরত সেনাবাহিনীর প্রশ্রয় এবং ক্ষেত্রবিশেষে নগ্ন হস্তক্ষেপে ঘটা এই ঘটনাগুলো শান্তিচুক্তি বাস্তবায়নে বাধা হয়ে দাঁড়াবে।পাহাড়ি ছাত্র পরিষদ ঢাকা মহানগর শাখা বাগাইছড়ির ঘটনার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলা থেকে আজ বেলা ১১টায় বিক্ষোভ মিছিল করবে এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি দেবে।