আদিবাসীদের অধিকার নিয়ে রাষ্ট্রের নীতিনির্ধারকদের ভাবতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমান সরকার গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক মূল্যবোধে বিশ্বাস করে না। করলে সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে আদিবাসীদের স্বীকৃতি দেওয়া হতো। আদিবাসীদের দেওয়া এ সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি আজও পূরণ করেনি। কিন্তু সমস্যার সমাধান করতে হলে আদিবাসীদের অধিকার নিয়ে রাষ্ট্রের নীতিনির্ধারকদের ভাবতে হবে। বাংলাদেশ আদিবাসী ফোরামের সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা গতকাল মঙ্গলবার রাজধানীর লেকশোর হোটেলে অনুষ্ঠিত এক সেমিনারে এসব কথা বলেন। ‘বাংলাদেশে আদিবাসী ও উপজাতিদের অধিকার বাস্তবায়ন: সমস্যা ও সমাধান’ শীর্ষক এ সেমিনারে সভাপতিত্ব করেন সন্তু লারমা। আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) এবং আদিবাসী ফোরাম এ সেমিনারের আয়োজন করে। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং। বক্তব্য দেন নরওয়ের রাষ্ট্রদূত রাগনে বিরতে লান্ড, বাংলাদেশে আইএলওর আবাসিক প্রতিনিধি আঁদ্রে বগুই, শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি রাশেদ খান মেনন, বাংলাদেশে ইউরোপীয় কমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স মিলকো ভ্যান গোল, তথ্য কমিশনার সাদেকা হালিম, ডেনমার্ক দূতাবাসের উপ-মিশনপ্রধান জান মুলার হানসেন প্রমুখ। সভাপতির বক্তব্যে সন্তু লারমা বলেন, ১৪ বছর হয়ে গেছে, সরকার এখনো পার্বত্য চুক্তি বাস্তবায়ন করেনি। পঞ্চদশ সংশোধনীতেও সাম্প্রদায়িক শক্তির প্রতি সরকারের দুর্বলতা প্রকাশ পেয়েছে। আসলে পার্বত্য চুক্তি বাস্তবায়ন এবং আদিবাসীদের অধিকার রক্ষায় সরকার আন্তরিক নয়। তিনি আরও বলেন, দেশের ৩০ লাখ আদিবাসী অর্থনৈতিক ও ভূমি জটিলতায় জর্জরিত। তাদের নেই কোনো সামাজিক ও সাংস্কৃতিক স্বীকৃতি। এর পরও পঞ্চদশ সংশোধনীতে আদিবাসীদের স্বীকৃতি না পাওয়াটা দুঃখজনক। অনুষ্ঠানে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, এ দেশে সমতলের মানুষ যে সুযোগ পায়, পাহাড়ের মানুষ তা পাবে না। এটি বাস্তবতা। বাংলাদেশের মতো রাষ্ট্রে সবার জন্য সমান অধিকার নিশ্চিত করা সম্ভব নয়। সবাইকে সমান সুযোগ দিতে হলে যে পরিমাণ সম্পদ দরকার, তা রাষ্ট্রের নেই। তিনি বলেন, ‘আইএলও সনদে আদিবাসীদের কিছু অধিকারের কথা বলা আছে। আদিবাসীরা যাতে এ অধিকার এবং সাংবিধানিক স্বীকৃতি পায়, আমরা তা নিয়ে সরকারের সঙ্গে আলোচনা করব।’মূল প্রবন্ধে সঞ্জীব দ্রং আদিবাসীদের অধিকার রক্ষা এবং পার্বত্য চুক্তি বাস্তবায়নে সরকার, আদিবাসী ও আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে একটি উচ্চপর্যায়ের সংলাপ আয়োজনের সুপারিশ করেন।