আদিবাসীদের অধিকার রক্ষার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘১৯৮৯ সালে অনুষ্ঠিত আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) আদিবাসী জাতিগোষ্ঠীর কনভেনশন নম্বর ১৬৯-এ বাংলাদেশ সরকার এখনো অনুস্বাক্ষর করেনি। এ নিয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে ১০ বছর ধরে আলোচনা চলছে। প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে আদিবাসীদের জন্য মাতৃভাষায় শিক্ষা ও স্থানীয় সরকারব্যবস্থায় প্রতিনিধি রাখার ব্যবস্থা করা, ভূমি থেকে উচ্ছেদ না করা, এলাকায় উন্নয়ন করতে হলে তাদের সঙ্গে আলোচনা করা, গুরুত্ব দিয়ে মতামত নেওয়া, সম্মত না হলে তা না করা—এসব বিষয় রয়েছে আইএলও ১৬৯ নম্বর কনভেনশনে।’আইএলওর ১০৭ ও ১৬৯ নম্বর কনভেনশনের ওপর আঞ্চলিক পরামর্শক সভায় এসব কথা বলেন সংস্থার নয়াদিল্লি দপ্তরের কারিগরি বিশেষজ্ঞ (প্রশিক্ষণ) কুন কম্পেয়ার। গত সোমবার রাজশাহী নানকিং চাইনিজ রেস্টুরেন্টের দরবার হলে এ পরামর্শক সভা হয়। সভাপতির বক্তব্য দিতে গিয়ে কুন কম্পেয়ার আরও বলেন, ১৯৫৭ সালে আইএলওর প্রথম আদিবাসী জনগোষ্ঠীর কনভেনশনে কিছু সমস্যা থাকলেও শিক্ষা, কর্মসংস্থান ও ভূমি সম্পর্কে খুব একটা পার্থক্য নেই। ১০৭ কনভেনশনে তত্কালীন পাকিস্তান ও পরে বাংলাদেশ সরকার অনুস্বাক্ষর করেছে। আন্তর্জাতিক আইন অনুযায়ী সেগুলো মানতে হয় সরকারকে। এগুলো না মানলে সরকারের বিরুদ্ধে মামলা করার সুযোগ রয়েছে।এ সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র খায়রুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের প্রধান সফিউল ইসলাম, বাংলা বিভাগের অধ্যাপক সুজিত সরকার। আরও বক্তব্য দেন বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং, চট্টগ্রামের জনসংহতি সমিতির সাংগঠনিক সম্পাদক শক্তিপদ ত্রিপুরা, জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি অনিল মারান্ডি, সাধারণ সম্পাদক রবীন্দ্রনাথ সরেন, আদিবাসী নেতা মঙ্গল কুমার চাকমা, লতা মুর্মু, বাবুল রবিদাস, এভারিস্ট হেমব্রম, আইএলও বাংলাদেশের আদিবাসীবিষয়ক জাতীয় সমন্বয়ক অভিলাষ ত্রিপুরা প্রমুখ।পরামর্শক সভায় আদিবাসী নেতারা বলেন, আইএলও ১০৭ নম্বর কনভেনশনে উল্লিখিত আদিবাসীদের অধিকার সংরক্ষণ হয় না বাংলাদেশে। সেখানে ১৬৯ নম্বর কনভেনশনে অধিকার রক্ষা তো দূরেই থাক। ১৬৯ নম্বর কনভেনশনে অনুস্বাক্ষর করার দাবি জানান আদিবাসী নেতারা। তবে আইএলও কনভেনশন নয়, অধিকার প্রতিষ্ঠার জন্য আদিবাসীদের ঐক্যবদ্ধ আন্দোলন-সংগ্রামের ওপরই জোর দেন নেতারা। অনুষ্ঠানের দ্বিতীয়পর্বে ‘উত্তরাঞ্চলের আদিবাসীদের সমস্যা ও সংকট’ শীর্ষক আলোচনা সভা হয়। গণেশ সরেনের সভাপতিত্বে সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় আদিবাসী পরিষদের সাধারণ সম্পাদক রবীন্দ্রনাথ সরেন। প্রবন্ধে উল্লেখ করা হয়, উত্তরাঞ্চলে ৩৮টি জাতিসত্তার ১৫ লাখ আদিবাসী বসবাস করে। এই আদিবাসীরা একসময় সুখেশান্তিতে বসবাস করলেও এখন তাদের অবস্থা অত্যন্ত শোচনীয়। প্রবন্ধে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতিসহ ১৪ দফা দাবি তুলে ধরা হয়। মূল প্রবন্ধের ওপর মুক্ত আলোচনায় অংশ নেন বিভিন্ন জেলা থেকে আসা আদিবাসী নেতারা।