আদিবাসীদের অধিকার রক্ষায় শক্তিশালী আইন জরুরি: বাদশা
আদিবাসীদের অধিকার রক্ষায় শক্তিশালী একটি আইন দরকার বলে মন্তব্য করেছেন আদিবাসীবিষয়ক সংসদীয় ককাসের আহ্বায়ক সাংসদ ফজলে হোসেন বাদশা।
গতকাল সোমবার জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে ‘আদিবাসী অধিকার আইন-২০১৫’ সংসদে উত্থাপন নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ফজলে হোসেন এ কথা বলেন।
ফজলে হোসেন বলেন, ‘আদিবাসীরা নানাভাবে নির্যাতিত হচ্ছে। তারা অনেক অধিকার থেকে বঞ্চিত। প্রায়ই আমরা এ ধরনের অভিযোগ পাই। একটি শক্তিশালী আইনের মাধ্যমেই এ সমস্যার সমাধান সম্ভব। সে কারণেই আদিবাসী অধিকার আইন-২০১৫ বিলটি তৈরি করেছে আদিবাসীবিষয়ক সংসদীয় ককাস।’
আদিবাসীবিষয়ক সংসদীয় ককাসের সদস্য সাংসদ এ কে এম ফজলুল হক সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন ককাসের সদস্য টিপু সুলতান, মোহাম্মদ গোলাম মোস্তফা, কাজী রোজী, মো. ইয়াসিন আলী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মেসবাহ কামাল।