চাকমা রাজা দেবাশীষ রায় বলেছেন, ‘আমরা এমন জাতীয়তাবাদ চাই, যেখানে অবাংলা ভাষাভাষী জনগোষ্ঠীর স্বীকৃতি ও অধিকার সম্মানজনক স্থান পাবে। আদিবাসী অধিকার কোনো বিশেষ অধিকার নয়, সম-অধিকারের অংশ, যা রাষ্ট্র গঠনের মূল ভিত্তি।’গতকাল শনিবার বেলা ১১টায় রাঙামাটি ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে রাঙামাটি হেডম্যান অ্যসোসিয়েশন ও কার্বারি সমিতির যৌথ উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। জাতিসংঘের আদিবাসীবিষয়ক স্থায়ী ফোরামের সদস্য নির্বাচিত হওয়ায় দেবাশীষ রায়কে এ সংবর্ধনা দেওয়া হয়।রাঙামাটি হেডম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি চিংকিউ রোয়াজার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, সদস্য অং সুই প্রু চৌধুরী, হেডম্যান অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কেরল চাকমা, কার্বারি সমিতির সভাপতি সুনীতি বিকাশ কার্বারি প্রমুখ।