আদিবাসীদের অধিকার সুরক্ষায় পাল্টাতে হবে রাষ্ট্রের চরিত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেছেন, আদিবাসীদের অধিকার সুরক্ষায় ধনীবান্ধব ও দরিদ্রবিরোধী রাষ্ট্রের চরিত্র পাল্টাতে হবে। এর জন্য রাজনৈতিক সংগ্রাম প্রয়োজন। আর এ জন্যই সাঁওতাল বিদ্রোহের মূল চেতনার কাছে ফিরে যেতে হবে। মিজানুর রহমান বলেন, মুক্তিযুদ্ধের মূল্যবোধকে প্রতিষ্ঠিত করতে হলে আদিবাসীদের অধিকার এবং আত্মপরিচয়ের স্বীকৃতি দিতে হবে। তিনি সরকারের উদ্দেশে বলেন, আদিবাসী ও বঞ্চিত জনগোষ্ঠীর সঙ্গে দূরত্ব কমিয়ে আনুন, না হলে এর জন্য বড় খেসারত দিতে হবে।

গতকাল শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে মহান সাঁওতাল বিদ্রোহের ১৫৮তম বার্ষিকী উদ্যাপন উপলক্ষে জাতীয় আদিবাসী পরিষদ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সভায় সভাপতিত্ব করেন জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ সরেন।

সভায় গবেষক ও লেখক পাভেল পার্থ ‘অমীমাংসিত জুন: ১৮৫৫ থেকে ২০১৩’ শীর্ষক প্রবন্ধ পড়ে শোনান। এতে আদিবাসীদের বিভিন্ন সময়ের নির্যাতনের চিত্র তুলে ধরেন তিনি।

আলোচনায় আদিবাসীবিষয়ক সংসদীয় ককাসের সভাপতি রাশেদ খান মেনন বলেন, ১৫৮ বছর আগে উত্থাপিত প্রশ্নগুলো আজও অমীমাংসিত রয়ে গেছে। আদিবাসী আছে রাষ্ট্র তা-ই স্বীকার করতে চাচ্ছে না।

চাকমা সার্কেল চিফ রাজা দেবাশীষ রায় বলেন, রাষ্ট্র আদিবাসীদের নিরাপত্তা দিতে পারছে না। আদিবাসীদের ভূমি দখল হয়েই চলছে। সমতলের আদিবাসীদের জন্য ভূমি কমিশন হয়নি এখন পর্যন্ত।

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মেসবাহ কামাল, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির তথ্য ও প্রচারবিষয়ক সম্পাদক মঙ্গল কুমার চাকমা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক আইনুন নাহার, ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক নোমান আহম্মদ খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক শান্তনু মজুমদার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক রাজীব মীর  বক্তব্য দেন।