‘আদিবাসী জনগোষ্ঠীর মানবাধিকার সুরক্ষা’ শীর্ষক সেমিনারে বক্তারা
আদিবাসীদের অধিকারের প্রতি সম্মান দেখাতে হবে
পাহাড় বা সমতলে আদিবাসীদের সমস্যার মধ্যে অন্যতম হচ্ছে ভূমি। আদিবাসীদের ওপর হামলা, হত্যা, নিপীড়ন ও নির্যাতনের ঘটনাগুলোর বেশির ভাগ ঘটনা ঘটছে ভূমিকে কেন্দ্র করে। ভূমির অধিকার তাঁদের সাংবিধানিক অধিকার। এ সমস্যা সমাধানে আদিবাসীদের ঐহিত্যগত ও প্রথাগত অধিকারের প্রতি সম্মান দেখাতে হবে।
গতকাল শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘ভূমি অধিকার এবং বাংলাদেশে আদিবাসী জনগোষ্ঠীর মানবাধিকার সুরক্ষা’ শীর্ষক সেমিনারে বেশির ভাগ বক্তা এ মত দেন।
একই সঙ্গে আদিবাসী অধিকার আইন প্রণয়ন এবং আদিবাসী অধিকারবিষয়ক জাতীয় কমিশন গঠনসহ নয়টি দাবি উপস্থাপন করা হয়। এএলআরডি, বাংলাদেশ আদিবাসী ফোরাম এবং কাপেং ফাউন্ডেশন ওই সেমিনারের আয়োজন করে।
বিশিষ্ট কলামিস্ট ও গবেষক সৈয়দ আবুল মকসুদ বলেন, ভূমির অধিকার সাংবিধানিক অধিকার। এই অধিকার মানবাধিকার। কোনো জায়গায় কোনো কারণে মানবাধিকার লঙ্ঘিত হলে তার সাংস্কৃতিক অধিকার, অর্থনৈতিক ও রাজনৈতিক অধিকার লঙ্ঘিত হবে। তিনি অভিযোগ করেন, এখন দস্যুতে ভরে গেছে। সবগুলো সরকারের চরিত্র চেঙ্গিস খানের চরিত্র। অর্থাৎ দখল করো। এ অবস্থাটা কাম্য না।
মানবাধিকার আন্দোলনের নেতা পঙ্কজ ভট্টাচার্য বলেন, ভূমি আদিবাসীদের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। ভূমি থেকে উচ্ছেদ পরিকল্পিত। যে পরিবারের নারী ধর্ষণের শিকার হয়, সেই পরিবারটি দেশত্যাগ করতে বাধ্য হয়। ভূমিদস্যুতা ও নারী ধর্ষণের মতো অপরাধে গণতদন্ত কমিশন গঠনের দাবি জানান তিনি।
আদিবাসীবিষয়ক সংসদীয় ককাসের আহ্বায়ক সাংসদ ফজলে হোসেন বাদশা বলেন, আদিবাসীদের ওপর নিপীড়ন-নির্যাতন চলছে ভূমিকে কেন্দ্র করে। এতে মানবাধিকার পরিস্থিতি কী হচ্ছে, এ নিয়ে পৃথক আলোচনা হওয়া দরকার। এটা আলাদা করে তুলে ধরা গেলে আদিবাসীদের আইনসংক্রান্ত যেসব অধিকারের আন্দোলন শুরু হয়েছে, তা এগিয়ে নিয়ে যাওয়া সহজ হবে।
বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং বলেন, বর্তমানে সবচেয়ে কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছে আদিবাসীরা। তা হলো তাদের আত্মপরিচয়ের অধিকারের অস্বীকৃতি। জাতিসত্তার পরিচয় নিয়ে পূর্ণ মর্যাদা নিয়ে এগিয়ে যাবেন, সে পরিচয়ে রাষ্ট্র একটা বিভ্রান্তির মধ্যে ঠেলে দিয়েছে সাংবিধানিকভাবে, অন্য কোনো ভাবে না। সংবিধানে আগে কিছুই ছিল না। কিন্তু বর্তমানে একধরনের চালাকি এবং ধোঁকা দেওয়ার প্রক্রিয়া চলছে। রাষ্ট্র এবং সংখ্যাগরিষ্ঠ মানুষকে আদিবাসী মানুষের ভূমি মালিকানার সংস্কৃতি বুঝতে হবে।
কাপেং ফাউন্ডেশন ও জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ সরেনের সভাপতিত্বে সেমিনারে এএলআরডির নির্বাহী পরিচালক শামসুল হুদা, আদিবাসী নেতা শক্তিপদ ত্রিপুরা প্রমুখ বক্তব্য দেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন কাপেং ফাউন্ডেশনের উপদেষ্টা মঙ্গল কুমার চাকমা।