আদিবাসীদের অস্তিত্ব রক্ষায় শিক্ষার ওপর জোর দিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদিবাসীদের নিজেদের সাংস্কৃতিক বৈশিষ্ট্য, ঐতিহ্য ও স্বাতন্ত্র্য সংরক্ষণ করেই মূলধারার সঙ্গে যোগ দিতে হবে। তাদের নিজেদের অস্তিত্ব রক্ষায় শিক্ষা ও সাংস্কৃতিক চর্চার ওপর জোর দিতে হবে। এ ক্ষেত্রে প্রাথমিক শিক্ষা হচ্ছে মূল ভিত্তি। সেই ভিত্তি মজবুত করতে আদিবাসী খাসিয়া পানপুঞ্জিসমূহে প্রাথমিক শিক্ষার পরিবেশ তৈরি করা দরকার।মৌলভীবাজারের রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নের ইন্দানগর পানপুঞ্জি কমিউনিটি সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে গত বুধবার বক্তারা এসব কথা বলেন। স্থানীয় প্রকৌশল অধিদপ্তর ইন্দানগর পানপুঞ্জির আদিবাসীদের বিনোদন ও সাংস্কৃতিক চর্চার জন্য সাত লাখ ৩৫ হাজার টাকা ব্যয়ে এ কমিউনিটি সেন্টারটি নির্মাণ করেছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উত্তরভাগ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. জিতু মিয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন আদিবাসী শিক্ষিকা ববিতা ডিও। বক্তব্য দেন উপজেলা প্রকৌশলী মো. রুবাইয়াত জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল হোসেন, আদিবাসী সংগঠন কুবরাজের সাধারণ সম্পাদক ও আদিবাসী ফোরাম কেন্দ্রীয় কমিটির সদস্য ফ্লোরা বাবলি তালাং প্রমুখ। স্বাগত বক্তব্য দেন ইন্দানগর পানপুঞ্জির লিপটন মারাক।খাসি (খাসিয়া) ভাষায় বক্তব্য দিয়ে কমিউনিটি সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইন্দানগর পানপুঞ্জির মান্ত্রি (পুঞ্জিপ্রধান) প্রিসিলা আমসে।