মৌলভীবাজারের বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের পাল্লাতল সীমান্তে আদিবাসী খাসিয়াপল্লির ‘বিরোধপূর্ণ’ এলাকায় প্রশাসন এবং বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) ঊর্ধ্বতন কর্মকর্তারা গতকাল সোমবার পরিদর্শন করেছেন। তাঁরা আদিবাসী খাসিয়া সম্প্রদায়ের লোকজনকে ডেকে জরিপকাজ নিয়ে আতঙ্কিত না হতে পরামর্শ দেন। জানা গেছে, গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে প্রশাসন ও বিডিআরের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা পাল্লাতল খাসিয়াপল্লিতে যান। তাঁরা জরিপকাজে নিয়োজিত কর্মকর্তাদের কাছ থেকে সার্বিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. ইয়াসিন, ৩৮ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবু বাছির, বড়লেখার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল আলম, সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল মোমিন খান প্রমুখ।পাল্লাতল খাসিয়াপল্লির কাছে বেশ কিছু জায়গার মালিকানা নিয়ে বাংলাদেশ ও ভারতের বিরোধ আছে। সেখানে খাসিয়াদের বাড়িঘরসহ বিভিন্ন স্থাপনা ও পানজুম আছে। সীমানা চিহ্নিত করতে প্রথমবারের মতো উভয় দেশের সরকারের যৌথ উদ্যোগে ৮ থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত সেখানে জরিপকাজ চলে। এতে খাসিয়া সম্প্রদায়ের লোকজনের মধ্যে আতঙ্ক দেখা দেয়। এ নিয়ে গত শনিবার ‘আমরা খুব আতঙ্কে আছি’ শিরোনামে প্রথম আলোয় একটি সংবাদ প্রকাশিত হয়।পরিদর্শনের সত্যতা নিশ্চিত করে লেফটেন্যান্ট কর্নেল আবু বাছির গতকাল সন্ধ্যায় বলেন, ‘আদিবাসীদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। এর আগে কখনো সীমান্তে দুই দেশের যৌথ জরিপ হয়নি। তাই হয়তো লোকজন কিছুটা ভয় পেয়েছে। জরিপের ফলাফল নিয়ে পরে উভয় দেশের রাষ্ট্রীয় উচ্চপর্যায়ে সিদ্ধান্ত হবে।’উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর উপস্থিতিতে আজ মঙ্গলবার দুপুরে জরিপের খসড়া ফলাফল নিয়ে জরিপকাজে নিযুক্ত সার্ভেয়ারদের একটি বৈঠক হওয়ার কথা।