আদিবাসীদের আদিবাসী হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রক্রিয়া চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার বলেছেন, ‘আদিবাসীদের আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার প্রক্রিয়া চলছে। কারণ, আদিবাসীরা নিজেদের আদিবাসী হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। আমিও নিজেকে আদিবাসী হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করি।’গতকাল বৃহস্পতিবার বান্দরবান জেলা পরিষদ মিলনায়তনে ‘পার্বত্য চট্টগ্রাম উন্নয়নের পঞ্চবার্ষিকী পরিকল্পনার রূপরেখা প্রণয়ন’ শীর্ষক কর্মশালায় তিনি এসব কথা বলেন।পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শাহ আলমের সভাপতিত্বে দিনব্যাপী এ কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন কমিটির সদস্য এ বি এম ফজলে করিম ও বদিউল আলম, মন্ত্রণালয়ের সচিব মাসুদ আহমেদ, শরণার্থীবিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান যতীন্দ্র ত্রিপুরা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ও সাংসদ বীর বাহাদুর, বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা মারমা, চাকমা সার্কেলের চিফ রাজা দেবাশীষ রায় প্রমুখ।কর্মশালায় তিন পার্বত্য জেলায় পর্যটন সম্প্রসারণের ব্যাপারে কথা উঠলে অনেক আদিবাসী নেতা পার্বত্য অঞ্চলের অধিবাসীদের স্বার্থ সংরক্ষণমূলক সুনির্দিষ্ট নীতিমালা ছাড়া পর্যটনের সম্প্রসারণের বিরোধিতা করেন। তাঁরা বলেন, সমতল এলাকার প্রেক্ষাপটে নয়, পার্বত্য অঞ্চলের প্রেক্ষাপট বিবেচনা করেই পর্যটনের কথা ভাবতে হবে। কর্মশালা শেষে মন্ত্রণালয়ের সচিব মাসুদ আহমেদ সাংবাদিকদের জানান, কর্মশালায় পর্যটন উন্নয়ন, আবাসিক ব্যবস্থার প্রাথমিক শিক্ষা, কলেজ ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, সড়ক উন্নয়নসহ বিভিন্ন প্রস্তাবনা পাওয়া গেছে।কর্মশালায় দেবাশীষ রায় বলেন, আগামী ২ মে প্রধানমন্ত্রীর সঙ্গে আদিবাসী নেতাদের বৈঠক হবে। তখন আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে। শাহ আলম বলেন, আদিবাসীদের আদিবাসী হিসেবেই সংবিধানে স্বীকৃতি দেওয়া হবে। পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের নামও পরিবর্তন করে আদিবাসীবিষয়ক মন্ত্রণালয় করা হবে। কর্মশালায় আদিবাসী নেতারা আদিবাসী হিসেবে স্বীকৃতি, পার্বত্য চুক্তি বাস্তবায়ন, ভূমি নিরাপত্তা, জেলা প্রশাসক মিজানুর রহমানের অপসারণ এবং প্রশাসনিক কর্মকর্তাদের অবৈধভাবে ভূমি দখল বন্ধসহ ১২ দফা দাবিতে সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির কাছে স্মারকলিপি দেন।