আদিবাসীদের আনসারের মতো নিজস্ব বাহিনী প্রয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য চট্টগ্রামে শান্তি ফিরিয়ে আনতে ‘আনসারের মতো’ আদিবাসীদের নিজস্ব বাহিনী গঠন এবং অবিলম্বে পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়নের সুপারিশ করেছেন গণশুনানির বিচারকেরা। গতকাল রোববার সিরডাপ মিলনায়তনে আয়োজিত পার্বত্য চট্টগ্রাম নিয়ে গণশুনানি শেষে বিচারকেরা এ সুপারিশ করেন। আদিবাসীবিষয়ক জাতীয় কোয়ালিশন এই গণশুনানির আয়োজন করে। বিচারকেরা স্থানীয় সরকারব্যবস্থা কার্যকর করার কথাও বলেছেন।সম্প্রতি পার্বত্য চট্টগ্রামের বাঘাইহাট ও খাগড়াছড়িতে পাহাড়িদের ঘরবাড়িতে অগ্নিসংযোগ এবং আদিবাসীদের সঙ্গে বাঙালিদের সংঘাতের ঘটনা নিয়ে এই গণশুনানি অনুষ্ঠিত হয়। আয়োজক সংগঠনের প্রতিনিধিরা জানান, পার্বত্য এলাকায় কী ঘটেছিল, তা স্পষ্ট করতেই এই শুনানির আয়োজন করা হয়। সহিংসতার শিকার খাগড়াছড়ি ও বাঘাইছড়ির নয়জন আদিবাসী শুনানিতে তাঁদের অবস্থা বর্ণনা করেন।শুনানির বিচারক প্যানেলে ছিলেন সাবেক বিচারপতি গোলাম রাব্বানী, সাংসদ হাসানুল হক ইনু, আইনজীবী জেড আই পান্না ও নারী মানবাধিকার নেত্রী শারমীন মুরশেদ। বিচারকদের পক্ষে বিচারপতি গোলাম রাব্বানী বলেন, পাহাড়ের সহিংসতা বন্ধে সংবিধানের ৫৯ ও ৬০ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী স্থানীয় সরকারপদ্ধতি চালু করা যেতে পারে। তিনি বলেন, ‘সংসদীয় কমিটি পার্বত্য চট্টগ্রামের আক্রান্ত এলাকা পরিদর্শন শেষে কী প্রতিবেদন দিচ্ছে, সেটার অপেক্ষায় আছি।’ তিনি আরও বলেন, ভূমি বিরোধ বন্ধে কার্যকর পদক্ষেপ না নিলে শান্তিচুক্তি বাস্তবায়ন করা কঠিন হবে।খাগড়াছড়ির আত্রই মারমা বলেন, ‘আমি বাংলা জানি না, আমি পড়তে জানি না। আমার ছেলেমেয়েদের দুই দিন যখন খেতে দিতে পারি না, তখন বুঝি, আমার অধিকার বলে কিছু নেই। তখন আর শান্তি না পাই।’ গ্রামগুলোতে গত ১৯ ফেব্রুয়ারি কীভাবে আগুন লাগল, তার পর থেকে পাহাড়িরা কীভাবে বেঁচে থাকার সংগ্রাম করছে, শুরুতে তার বর্ণনা দেন সাজেক ভূমি রক্ষা কমিটির আহ্বায়ক জ্ঞানেন্দু বিকাশ চাকমা। সাক্ষ্য দেওয়ার সময় তিনি প্রশ্ন করেন, ‘আমাদের আর কত দিন মৃত্যু তাড়া করে বেড়াবে? প্রশাসন কি কিছু দেখতে পায় না? আমাদের অধিকারের কথা কেন ঢাকায় এসে শোনাতে হবে?’