শিক্ষা ও আর্থসামাজিক উন্নয়নে সুনির্দিষ্ট বরাদ্দ দাবি করেছেন আদিবাসীবিষয়ক জাতীয় কোয়ালিশনের (এনসিআইপি) নেতারা। তাঁরা অভিযোগ করেছেন, জাতীয় বাজেটে আদিবাসীদের জন্য বরাদ্দ কমছে। গতকাল রোববার সিরডাপ মিলনায়তনে এক গোলটেবিল বৈঠকে তাঁরা এ দাবি করেন। অনুষ্ঠানে আদিবাসীবিষয়ক সংসদীয় ককাস এবং শিক্ষা মন্ত্রণালয়বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি রাশেদ খান মেনন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। তিনি বলেন, ‘তাদের স্বীকৃতি প্রসঙ্গে জটিলতা তৈরি করছে সরকার। জাতিসংঘে বলা হচ্ছে, বাংলাদেশে কোনো আদিবাসী নেই।’ মেনন বলেন, ‘আদিবাসীদের স্বীকৃতির বিষয়টি সামরিক দৃষ্টিতে না দেখে রাজনৈতিক দৃষ্টিতে সমাধান করতে হবে।’ অনুষ্ঠানের সভাপতি এনসিআইপির চেয়ারপারসন ম. হাবিবুর রহমান বলেন, আদিবাসী জনগোষ্ঠীর জন্য বাজেট বরাদ্দ বাড়ানো উচিত এবং কোন খাতে কত সেটা সুনির্দিষ্ট করা দরকার। এ ছাড়া দাতাগোষ্ঠীর দেওয়া বরাদ্দ কীভাবে খরচ হয়, দেখা উচিত। জাতীয় আদিবাসী পরিষদের সাধারণ সম্পাদক রবীন্দ্রনাথ সরেন বলেন, আদিবাসীদের মূল সমস্যা দুটি। একটি স্বীকৃতি, আরেকটি ভূমির ওপর তাদের অধিকার। এই দুটির সমাধান হলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। বাংলাদেশ আদিবাসী ফোরামের সাংগঠনিক সম্পাদক শক্তিপদ ত্রিপুরা বলেন, ‘আওয়ামী লীগ বলেছিল, পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন করবে। কিন্তু চুক্তি বাস্তবায়নে বাজেটে বরাদ্দ নেই। এটা নির্বাচনী ইশতেহারের লঙ্ঘন। এ ছাড়া শরণার্থীবিষয়ক টাস্কফোর্সেরও বাজেট কমেছে। গণসাক্ষরতা অভিযানের কার্যক্রম-ব্যবস্থাপক এবং এনসিআইপির সহসভাপতি তপন কুমার দাশ বলেন, অনেক কিছু নিয়েই সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা আছে। কিন্তু আদিবাসীদের শিক্ষার উন্নয়নে সুনির্দিষ্ট বাজেট নেই। এনসিআইপির মহাসচিব মেসবাহ কামাল বলেন, নিরাপত্তা আতঙ্ক দেখিয়ে আটকে না রেখে আদিবাসীদের সাংবিধানিভাবে স্বীকৃতি দেওয়া উচিত। বৈঠকে স্বাগত বক্তব্য দেন গণসাক্ষরতা অভিযানের উপপরিচালক তাসনীম আতহার। সঞ্চালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এম আকাশ। মূল প্রবন্ধ পাঠ করেন গবেষণা ও উন্নয়ন কালেকটিভ-আরডিসির ট্রাস্টি আবু নাসের। ধন্যবাদ বক্তব্য দেন আরডিসির পরিচালক জান্নাত-এ ফেরদৌসী।