আদিবাসীদের উচ্ছেদ ও জমি দখলের চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর পোরশা উপজেলার ছাওড় ইউনিয়নের খাতিরপুর-সোনাডাঙ্গা আদিবাসী গ্রাম থেকে আদিবাসীদের উচ্ছেদ ও তাদের জমি দখলের পাঁয়তারা চলছে বলে অভিযোগ পাওয়া গেছে।আদিবাসী গ্রামের প্রায় ২২ বিঘা জমির দাবিদার ছাওড় গ্রামের নূর হোসেন মাস্টারের ছেলে মঞ্জুরুল হাসান সম্প্রতি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে আদিবাসীদের মারধর ও হুমকিধমকি দিয়ে গ্রামছাড়া এবং তিন বিঘা আবাদি জমি দখলের চেষ্টা শুরু হয়েছে।গত রোববার খাতিরপুর সোনাডাঙ্গা আদিবাসী গ্রামে গিয়ে দেখা যায়, গ্রামে কিছু পুরুষ তীর-ধনুক নিয়ে জমির আইলে দাঁড়িয়ে পাহারা দিচ্ছেন আর নারীরা ধান বুনছেন। তীন-ধনুক নিয়ে পাহারা দেওয়ার কারণ জানতে চাইলে ওই গ্রামের আদিবাসী নেত্রী কস্তানতিনা মুর্মু প্রথম আলোকে বলেন, ‘হামারঘে উপর নূর হোসেন মাস্টারের লোক হামলা করতে পারে, এই ভয়ে হামরা তীর-ধনুক লিয়া পাহারা দিয়া ধান লাগাছি। কদিন আগে মাস্টারের লোক এ জমিতে ধান লাগাতে এসেছিল। আমরা তাদের ভাগিয়ে দিয়াছি। এখুন হামারা ধান লাগাছি। এ জমি আদিবাসীদের। হামরা জান দিব তো জমি ছাড়ব না।’এ গ্রামের আদিবাসী নেতা নরেন মুর্মু জানান, নূর হোসেন মাস্টারের ছেলে ও বিএনপির স্থানীয় নেতা মঞ্জুরুল হাসান সম্প্রতি ইউপি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকেই এ গ্রামের ধুমা মুর্মু, সোম মুর্মুসহ বিভিন্ন জনকে হুমকি দেওয়া হচ্ছে যেন গ্রাম ছেড়ে তারা চলে যায়। নইলে রাতের অন্ধকারে তাদের প্রাণে মেরে ফেলা হবে।নরেন মুর্মু জানান, নূর হোসেন মাস্টার নিজে, স্ত্রী ও ছেলে মঞ্জুরুলের নামে জেলা প্রশাসকের অনুমোদন ছাড়াই (আদিবাসীদের জমি অ-আদিবাসীরা কিনলে জেলা প্রশাসকের অনুমোতির প্রয়োজন হয়) অবৈধ দলিল তৈরি করে জোরপূর্বক ভোগ দখল করে থাকেন। কয়েক বছর আগে জনৈক ব্যক্তি নূর হোসেন মাস্টারের অবৈধ দখলের বিরুদ্ধে অতিরিক্ত জেলা প্রশাসকের (রাজস্ব) কাছে অভিযোগ করেন। এর পরিপ্রেক্ষিতে তদন্ত সাপেক্ষে নওগাঁর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নূর হোসেন মাস্টার ও তাঁর স্ত্রী-পুত্রের নামে ওই জমির খারিজ-খাজনা বাতিলের আদেশ দেন।গ্রাম থেকে আদিবাসীদের উচ্ছেদের জন্য হুমকি এবং আবাদি জমি দখলের চেষ্টার বিষয়টি জানার জন্য রোববার দুপুরে ছাওড় গ্রামে নূর হোসেন মাস্টারের বাড়ি গেলে তাঁকে ও তাঁর ছেলে মঞ্জুরুল হাসানকে পাওয়া যায়নি। মুঠোফোনেও তাঁদের পাওয়া যায়নি। নূর হোসেন মাস্টারের আরেক ছেলে মাহমুদুল হাসান জমি দখল ও আদিবাসীদের উচ্ছেদের চেষ্টার অভিযোগ অস্বীকার করেন।পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম রেজাউল ইসলাম বলেন, ‘মঞ্জুরুল হাসান কর্তৃক নরেন মুর্মুকে মারধরের অভিযোগ পেয়েছি। তবে আদিবাসীদের আবাদি জমি দখলের চেষ্টা বা গ্রাম থেকে তাদের উচ্ছেদের জন্য হুমকিধমকির অভিযোগের বিষয়টি আমি জানি না। তারা এ ব্যাপারে অভিযোগ করতে এলে অবশ্যই তা আমলে নেওয়া হবে।’