আদিবাসীদের উন্নয়নে শিক্ষাকেন্দ্রিক উন্নয়ন পরিকল্পনা প্রয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবান বোমাং সার্কেলের রাজা উ ক্যসাইন প্রু চৌধুরী (কেএসপ্রু) বলেছেন, যেকোনো অঞ্চলে শান্তি ও জনগোষ্ঠীর সমৃদ্ধি অর্জনে শিক্ষার বিকল্প নেই। সে জন্য আদিবাসীদের সামগ্রিক উন্নয়নে প্রয়োজন শিক্ষাকেন্দ্রিক উন্নয়ন পরিকল্পনা, যেখানে শিক্ষাই হবে উন্নয়নের কেন্দ্রবিন্দু।তিনি গতকাল বৃহস্পতিবার জেলা শহরের একটি হোটেলের মিলনায়তনে ‘প্রথাগত আইনে পার্বত্য চট্টগ্রামের আদিবাসী নারীর অবস্থান’ শীর্ষক এক মতবিনিময় সভায় এ কথা বলেন। আদিবাসী নারী নেটওয়ার্ক, নারী প্রগতি সংঘ ও অনন্যা কল্যাণ সংগঠনের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় মারমা, চাকমা, ম্রো, তঞ্চঙ্গ্যা, খুমি, খিয়াং, বম, চাক, সাঁওতাল, বাঙালিসহ বিভিন্ন জনগোষ্ঠীর নারীনেত্রীরা অংশগ্রহণ করেন। পার্বত্য মহিলা সমিতির জেলা সভানেত্রী ওয়াইসিং মারমা বলেছেন, আদিবাসী নারীরা রাষ্ট্রে প্রথমে প্রান্তিক আদিবাসী এবং তার পরে নারী। প্রান্তিকদেরও প্রান্তিক হওয়ায় সমাজের সব স্তরে তারা বৈষম্যের শিকার। কুহালং ইউপি সদস্য উনাইচিং মারমা বলেছেন, একজন জনপ্রতিনিধি হিসেবে তিনি কার্বারি (পাড়াপ্রধান) আদালতে বিচারকাজে অংশগ্রহণের সময় দেখেন, বিচারে নারীদের অবমাননা করা হয়। সব দোষ চাপানো হয় তাঁদের ওপর। সুয়ালক ইউপির সাবেক সদস্য ইলং ম্রো বলেছেন, ম্রো আদিবাসী সমাজে নারীরা সম্পত্তির উত্তরাধিকার হতে পারেন না। এমনকি তালাক হলে শিশুসন্তানকেও মায়ের বুক থেকে কেড়ে নেওয়া হয়। বান্দরবানের জেলা ও দায়রা জজ আদালতের সরকারি সহকারী কৌঁসুলি (এপিপি) মেদাওয়ে মাধবী মারমা নারীরা সর্বত্র বৈষম্যের শিকার উল্লেখ করে বলেন, কর্মক্ষেত্রে, পরিবারে পুরুষের চেহারা কখন স্বামী থেকে বৈষম্য সৃষ্টিকারী, ঊর্ধ্বতন সহকর্মী থেকে রূঢ় আচরণকারীতে বদলে যায়, তা বলা কঠিন। সে জন্য একজন নারীকে প্রতিটি ক্ষেত্রে যুক্তিবাদী ও সংগ্রামী না হয়ে কাজ করা অসম্ভব। কিন্তু নব নারীর পক্ষে কি তা সম্ভব? সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাঁওতাল নারী লেয়ালতা মুর্মু। সুস্মিতা চাকমার লিখিত প্রবন্ধে বলা হয়েছে, আদিবাসী নারীদের অধিকার প্রতিষ্ঠার জন্য সম্পত্তির উত্তরাধিকার, বিবাহ নিবন্ধন, সামাজিক বিচারে নারীর প্রতিনিধিত্ব, শ্রম বিভাজন বিলোপসহ ১৯ দফা সুপারিশ করা হয়।