আদিবাসীদের ওপর অত্যাচার, জুলুম, নির্যাতন বন্ধের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অত্যাচার, জুলুম, নির্যাতন বন্ধসহ উচ্ছেদ, হত্যা, ধর্ষণ, অপহরণের বিচার ও পৃথক ভূমি কমিশনের দাবি জানিয়েছেন আদিবাসীরা। গতকাল সোমবার ১৫৯তম সাঁওতাল বিদ্রোহ দিবস উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে গণপদযাত্রা, শোভাযাত্রা ও সমাবেশ করে তাঁরা এসব দাবি জানান।
নওগাঁর ধামইরহাটে সকালে দিবসটি উপলক্ষে আদিবাসী নারী-পুরুষ ও শিশুরা একটি শোভাযাত্রা বের করেন। শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। ওয়ার্ল্ডভিশন ধামইরহাট এডিপির সহযোগিতায় আদিবাসী সংগঠন উপজেলা পারগানা বাইসি এর আয়োজন করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা হয়। উপজেলা পারগানা সেবেস্তিয়ান মুরমুর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মঈন উদ্দিন, ইউএনও মো. হেমায়েত উদ্দিন, আদিবাসী নারী নেত্রী ইমেলদা মারার্ন্ডী, মুক্তিযোদ্ধা মার্টিন মুরমু, শিক্ষক নিপেন সরেন, ছাত্র ফোরামের সভাপতি শিশুশিক্ষার্থী দিগন্ত মুরমু প্রমুখ। পরে আদিবাসীরা ১১ দফা দাবির একটি স্মারকলিপি ইউএনওর মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর দেন।
দিবসটি উপলক্ষে নওগাঁ সদরের নওহাটা মোড়ে এক সমাবেশ হয়। সমাবেশে জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি রবীন্দ্রচন্দ্র সরেন, সাধারণ সম্পাদক সবিন মুন্ডা, নওগাঁ জেলা সভাপতি আমিন কুজুর, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আদিবাসী ছাত্র পরিষদের সভাপতি হেমন্ত মাহাতো প্রমুখ। পরে আদিবাসীরা সেখান থেকে গণপদযাত্রা শুরু করে ১২ কিলোমিটার দূরে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে গিয়ে শেষ করে। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়। স্মারকলিপিতে সমতলের আদিবাসীদের জন্য আলাদা ভূমি কমিশন, মানবাধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা ও সব ধরনের নিপীড়ন-নির্যাতন বন্ধের দাবি জানানো হয়।
সকাল ১০টায় দিনাজপুর প্রেসক্লাবে আলোচনা সভা হয়। বাংলাদেশ আদিবাসী সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি বিশ্বনাথ সিং এতে সভাপতিত্ব করেন। প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ কৃষক ফেডারেশনের সভাপতি বদরুল আলম বলেন, ‘আজও আদিবাসীরা ভূমির মালিকানা ও রাষ্ট্রীয় সাংবিধানিক স্বীকৃতি পাননি। তাই আদিবাসীদের এ স্বীকৃতি দেওয়ার দাবি জানাচ্ছি।’ এ সময় বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক জায়েদ ইকবাল খান, সংগঠনের সদস্য জাহাঙ্গীর আলম প্রমুখ। সভা শেষে প্রেসক্লাব থেকে কয়েক শ আদিবাসী নারী-পুরুষ শহীদদের স্মরণে শোভাযাত্রা বের করেন। তাঁরা শহরের বালুবাড়ী এলাকায় শহীদ আদিবাসীদের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।
নওগাঁর সাপাহার ও নিয়ামতপুর, চাঁপাইনবাবগঞ্জের নাচোল ও সদর, রাজশাহীর গোদাগাড়ীতে এ দিবস উদ্যাপন করা হয়।
(প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ, দিনাজপুর অফিস ও আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি)