আদিবাসীদের ওপর হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের লামা রূপসীপাড়া ইউনিয়নের হ্লাসাইপাড়ায় অভিবাসী (সেটেলার) সর্দার মজিবুল হকের (মজিবুল মাস্টার) সন্ত্রাসীরা গতকাল সোমবার আদিবাসীদের ওপর হামলা করে জুমঘর ভেঙে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। হামলায় আহত আটজন মারমা আদিবাসীকে লামা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পুলিশ বলেছে, হামলার সঙ্গে জড়িত সন্দেহে ১৩ জনকে আটক করা হয়েছে। হ্লাসাইপাড়া এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে। তবে আদিবাসীরা বলেছেন, গাদা বন্দুক নিয়ে শিকারে যাওয়ার সময় তিনজন আদিবাসীকে অভিবাসী বাঙালিরা ধরে নিরাপত্তা বাহিনীর হাতে তুলে দিয়েছে।
ঘটনার শিকার ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, জুমে কর্মরত আদিবাসীদের ওপর ভূমিদস্যু হিসেবে পরিচিত ১৫-১৬টি মামলার আসামি মজিবুল হকের সন্ত্রাসীরা অতর্কিতে তাঁদের ওপর হামলা চালায়।
প্রত্যক্ষদর্শী উসিথোয়াই মারমা বলেছেন, ৩০-৩৫ জন সন্ত্রাসী কয়েকটি দলে ভাগ হয়ে মুরুংঝিড়ি, পলিঝিড়ি, টিয়ারঝিড়ি ও শঙ্খঝিড়ি জুমে কর্মরত এবং জুমঘরে থাকা আদিবাসীদের ওপর প্রথমে মরিচের গুঁড়া ছিটিয়ে দেয়। পরে তারা আদিবাসীদের ওপর লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করতে থাকে।
মজিবুল হক জমি দখল ও হামলার কথা অস্বীকার করে বলেছেন, তাঁদের বাগানে কাজ করার সময় মগেরা বাঙালিদের ওপর হামলা করেছে। এ সময় তাঁর ছেলে জহিরসহ তিনজন আহত হয়েছে।