আদিবাসীদের ওপর হামলা, আহত ৪
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুরের সরিষাবাড়ী পৌরসভার ধানাটা আদিবাসীপল্লিতে গত শুক্রবার রাতে দুষ্কৃতকারীরা পিটিয়ে ও কুপিয়ে চারজনকে গুরুতর আহত করেছে। ঘটনার প্রতিবাদে ও হামলাকারীদের বিচারের দাবিতে আদিবাসীরা গতকাল শনিবার দুপুরে উপজেলা ডাকবাংলোয় অবস্থান কর্মসূচি পালন করে। পরে স্থানীয় সাংসদ মুরাদ হাসানের আশ্বাসে অবস্থান ধর্মঘট তুলে নেওয়া হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, পৌরসভার রেললাইনসংলগ্ন ধানাটা আদিবাসী পল্লীর পাশে বসে একদল দুষ্কৃতকারী প্রতিদিন গাঁজা সেবন করে আসছিল। আদিবাসীরা এর প্রতিবাদ করায় শুক্রবার রাতে আদিবাসী পল্লীতে দুষ্কৃতকারীদের লাঠিসোঁটা ও ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন স্বপন রায় (৪০), বকুলী রানী (৩৫), সুনীল রায় (৪১) ও লিটন রায় (২০)। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।