আদিবাসীদের ওপর হামলার অভিযোগ
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বেলুয়া পানপুঞ্জিতে বন বিভাগের বিরুদ্ধে জুমের পানগাছ কাটার অভিযোগ পাওয়া গেছে। তবে বন বিভাগ অভিযোগ অস্বীকার করে উল্টো আদিবাসীদের বিরুদ্ধে বিট কর্মকর্তাকে অপহরণের অভিযোগে মামলা করেছে।
কুলাউড়ায় পানজুমের গাছ কাটার প্রতিবাদে গতকাল বুধবার সিলেটে বসবাসরত আদিবাসীরা মানববন্ধন করেছে। এখান থেকে বনকর্মীদের হামলায় তিন আদিবাসী আহত হওয়ারও অভিযোগ করা হয়।
কুলাইড়া পানপুঞ্জির নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন আদিবাসী অভিযোগ করেন, উপজেলা বন বিভাগের মুরইছড়া বিট কর্মকর্তা আতিয়ার রহমানের নেতৃত্বে ২০ থেকে ২৫ জনের একটি দল গত সোমবার সকালে এসে পানপুঞ্জির জমি বন বিভাগের দাবি করে পানজুমের গাছ কাটার চেষ্টা করেন। এ সময় দুই পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়।
পানপুঞ্জির সহকারী প্রধান লবিং মারলিয়া জানান, বন বিভাগের লোকজন বেধড়ক গাছ কাটতে থাকলে খাসিয়ারাও গাছ রক্ষায় তাঁদের বাধা দেন। নিরাপত্তার স্বার্থে বিট কর্মকর্তাকে পুঞ্জির মধ্যে নিয়ে রাখা হয়।
খবর পেয়ে সন্ধ্যায় উপজেলা প্রশাসন, পুলিশ, স্থানীয় জনপ্রতিনিধি ও বন বিভাগের লোকজন গিয়ে বিট কর্মকর্তাকে উদ্ধার করেন। রাতে আতিয়ার কুলাউড়া থানায় বেলুয়া, পানাই ও কুকিজুরী পানপুঞ্জির ১৯ জন আদিবাসীর নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১৫-২০ জনের বিরুদ্ধে মামলা করেন।
বন বিভাগের কুলাউড়া রেঞ্জ কর্মকর্তা বলরাম রায় বলেন, রেঞ্জের জমি পরিদর্শনে গেলে বিট কর্মকর্তাকে অপহরণ করা হয়। পরে অবশ্য তাঁকে উদ্ধার করা হয়েছে। তবে আদিবাসীদের গাছ কাটার কথা অস্বীকার করেন রেঞ্জ কর্মকর্তা।
ইউএনও শামছুল ইসলাম গত মঙ্গলবার বলেন, ‘পানপুঞ্জি ও বন বিভাগের মধ্যে কিছু সমস্যা হয়েছে। আমি সবার সঙ্গে কথা বলে ব্যবস্থা নেব।’
কুলাউড়ায় আদিবাসীদের পানজুমের গাছ কাটার প্রতিবাদে গতকাল বুধবার সিলেটে বসবাসরত আদিবাসীরা মানববন্ধন করেছে। সকালে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ কর্মসূচি পালিত হয়। এ সময় দায়ী বন বিভাগের অসাধু কর্মকর্তাদের গ্রেপ্তারের দাবি জানানো হয়।
মানববন্ধন শেষে আয়োজিত সমাবেশ থেকে জানানো হয়, বিট কর্মকর্তা আতিয়ার একদল সন্ত্রাসী নিয়ে বেলুয়াপুঞ্জিতে ঢুকে খাসিয়াদের পানপুঞ্জির গাছ কাটা শুরু করেন। এ সময় আদিবাসীদের প্রতিরোধের মুখে তিনি পালাতে গিয়ে ধরা পড়েন। পরে পুলিশের কাছে তাঁকে হস্তান্তর করা হয়। এরই জের ধরে সন্ধ্যায় পানজুমে দুষ্কৃতকারীরা হামলা চালায়। এতে মেঘনাটিলাপুঞ্জির এঞ্জেলুস খংলা (৪৫), জুয়েল স্নাল (১২) ও শেখর নাইয়াং (২৮) আহত হন। গুরুতর শেখর নাইয়াংকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সমাবেশে বক্তব্য দেন সিলেটে আদিবাসী উদ্যাপন পরিষদ বিভাগীয় কমিটির লক্ষ্মীকান্ত সিংহ, গৌরাঙ্গ পাত্র, দানেশ সাংমা, ইন্দ্রানী সেন, বনিফাস খংলা, মিলন ওরাং, অরুণ মাল ও সামেন্দ্র সিংহ।