আদিবাসীদের ওপর হামলার ঘটনা পরিকল্পিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় কথিত অপহরণের মূল হোতা কামাল হোসেন আদালতে দেওয়া জবানবন্দিতে বলেছেন, তাইন্দং এলাকায় পাহাড়িদের ওপর হামলার ঘটনাটি পরিকল্পিত ছিল। ঘটনার আগের দিন ২ আগস্ট বিকেলে তিনি, ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সিরাজুল ইসলাম, ইউপি সদস্য আবেদ আলীসহ কয়েকজন বাসিন্দা গোপন বৈঠক করে পাহাড়িদের ওপর হামলার পরিকল্পনা করেন। বৈঠকে হামলার আগে অপহরণ নাটক সাজানোর সিদ্ধান্ত হয়।
কামাল হোসেন ১৫ আগস্ট খাগড়াছড়ির জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. ইলিয়াছ মিয়ার আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তিন পৃষ্ঠার জবানবন্দিতে তিনি তাইন্দং ইউপির সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহসভাপতি সিরাজুল ইসলাম, ইউপি সদস্য আবেদ আলীসহ চারজনের নাম প্রকাশ করেন। শান্তি চুক্তিবিরোধী পাহাড়িদের একটি সংগঠনের চাঁদাবাজির কারণে এ হামলার পরিকল্পনা করা হয়। এরই অংশ হিসেবে ৩ আগস্ট আদিবাসীদের ওপর হামলা চালানো হয়। পুড়িয়ে দেওয়া হয় তাদের বাড়িঘর।
জবানবন্দিতে কামাল হোসেন বলেন, ‘হামলার পরিকল্পনার অংশ হিসেবে ৩ আগস্ট তাইন্দংয়ের বান্দরাসিং এলাকার ক্রসিংয়ে আমি জঙ্গলে লুকিয়ে থাকি। সেখান থেকে সিরাজুলকে ফোন করে জানাই, পাহাড়ি সংগঠন ইউপিডিএফ আমাকে অপহরণ করেছে। এরপর সিরাজুল ও আবেদ স্থানীয় বাসিন্দাদের নিয়ে বান্দরাসিং এলাকায় যান। তাঁরা স্থানীয় ইউপি সদস্য ফণীভূষণ চাকমাকে ফোন করে বান্দরাসিংয়ে আসতে বলেন।’
কামাল হোসেন বলেন, ‘আমি জঙ্গলে দু-তিন ঘণ্টা আত্মগোপনে থাকার পর হেডম্যানপাড়া হয়ে রফিক মেম্বারের বাড়িতে উঠি। পরে অনেক লোক ওই বাড়িতে জড়ো হয়। আমাকে চিকিৎসার কথা বলে পুলিশ মাটিরাঙ্গায় নিয়ে যায়। সেখানে আমাকে গ্রেপ্তার করে।’
মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন খান প্রথম আলোকে বলেন, ‘কামাল, সিরাজুল ও আবেদ গোপন বৈঠক করে অপহরণ নাটক সাজান। আদালতে জবানবন্দিতেও কামাল তা স্বীকার করেছেন। আমরা কামালসহ ১৪ জনকে গ্রেপ্তার করেছি। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
গতকাল রোববার নাগরিক প্রতিনিধি দলের আহ্বায়ক ও আইইডির নির্বাহী পরিচালক নোমান আহমেদ খান এবং সদস্যসচিব ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাজীব মীরের নেতৃত্বে ঢাকা থেকে আসা একটি প্রতিনিধিদল ঘটনাস্থল পরিদর্শন করে। প্রতিনিধিদলের সঙ্গে ২০ জন সাংবাদিক এবং মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি তারিক আলী ছিলেন। রাজীব মীর প্রথম আলোকে বলেন, ‘তাইন্দংয়ে হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে কঠিন শাস্তি দিতে হবে, যাতে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না হয়।’
প্রতিনিধিদলের নেতারা ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জন্য স্থানীয় ইউপি সদস্য ফণীভূষণ চাকমা ও বকুল চাকমার হাতে তিন লাখ টাকা তুলে দেন।
সরেজমিনে দেখা গেছে, তাইন্দংয়ে হামলার শিকার ৯০২ পরিবারের সদস্যদের চোখেমুখে এখনো আতঙ্কের ছাপ। অনেকে পোড়া ভিটার ওপর তাবু টানিয়ে রাত কাটাচ্ছে। আবার হামলার ভয়ে ঘর তুলছে না। তবে এলাকায় পুলিশি পাহারা জোরদার করা হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য ফণীভূষণ অভিযোগ করেন, কামাল অপহরণ নাটক সাজিয়ে আদিবাসীদের বাড়িঘরে আগুন দিয়েছে। দুটি বৌদ্ধমন্দিরে আগুন ও ভাঙচুর চালিয়েছে। এতে আদিবাসীদের মধ্যে ভীতি কাজ করছে। ওরা তাঁকেও ডেকে নিয়ে বেদম পিটিয়েছে।
কলেজছাত্রী সাগরিকা চাকমা অভিযোগ করেন, ‘বিজিবির সদস্যদের সামনে বাঙালিরা আমাদের ওপর ঝাঁপিয়ে পড়ে। আমার বৃদ্ধ বাবাকে ওরা পিটিয়েছে। কোনো পাহাড়ি তাদের হাত থেকে রক্ষা পায়নি। এই অবস্থা চলতে থাকলে আমরা বসতভিটায় থাকব কীভাবে?’ স্থানীয় কৃষক সতীন্দ্র চাকমা বলেন, ‘আমরা কৃষিকাজ করে সংসার চালাই। কোনো ঝামেলায় আমরা নেই। তবু আমাদের ওপর এ হামলা কেন?’