আদিবাসীদের ওপর হামলার ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি অ্যামনেস্টির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য চট্টগ্রাম এলাকায় আদিবাসীদের ওপর হামলা ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় সেনাবাহিনীর জড়িত থাকার অভিযোগ সম্পর্কে দ্রুত নিরপেক্ষ ও স্বাধীন তদন্তের জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল গত ২৬ ফেব্রুয়ারি এক বিবৃতিতে বলেছে, ২০ ফেব্রুয়ারির ঘটনায় সরকারিভাবে দুজনের মৃত্যু নিশ্চিত করা হলেও স্থানীয় সূত্রমতে, কমপক্ষে ছয়জন মারা গেছে। ওই দিন সেনাবাহিনী আদিবাসীদের ওপর গুলি চালায় বলে অভিযোগ রয়েছে।ওই ঘটনার স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়ে অ্যামনেস্টি বলেছে, ওই দিন বাড়িঘরে আগুন ও হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের খুুঁজে বের করতে হবে। আর ওই ঘটনায় সেনাবাহিনী অতিরিক্ত শক্তি প্রয়োগ করেছিল কি না, তাও খতিয়ে দেখতে হবে। দোষী ব্যক্তিদের অবশ্যই বিচারের মুখোমুখি দাঁড় করাতে হবে, তবে মৃত্যুদণ্ড দেওয়া যাবে না।বিবৃতিতে আরও বলা হয়েছে, গ্রেপ্তারকৃতরা যেন নিজ পছন্দমতো আইনের সহায়তা পেতে পারে, সেটিও নিশ্চিত করতে হবে। একই সঙ্গে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করা ও চিকিত্সাসুবিধা দিতে হবে এবং বন্দী থাকা অবস্থায় তাঁদের ওপর যেন নির্যাতন করা না হয়, তাও নিশ্চিত করতে হবে।এ ছাড়া ক্ষতিগ্রস্তদের জন্য ক্ষতিপূরণ এবং যারা বাড়িঘর হারিয়েছে, তাদের পুনর্বাসনের আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।