মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার নাহার খাসিয়াপুঞ্জি ও দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার খালিপপুরে আদিবাসীদের ওপর হামলার ঘটনায় রাষ্ট্রীয় তদন্ত ও হামলাকারীদের শাস্তির দাবি জানানো হয়েছে৷ গতকাল বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে ওই হামলার প্রতিবাদে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে এ দাবি জানানো হয়৷
বাংলাদেশ আদিবাসী ফোরামসহ পরিবেশ ও অধিকারভিত্তিক বিভিন্ন সংগঠন এ মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে বক্তারা বলেন, খালিপপুরে আদিবাসী পাড়ার ৬০টি পরিবার এখনো আতঙ্কে রয়েছে। হামলার ঘটনায় মামলা হলেও প্রশাসন নীরব ভূমিকা পালন করছে৷ হামলার পর নাহার খাসিয়াপুঞ্জিতেও থমথমে অবস্থা বিরাজ করছে৷ খাসিয়াদের একমাত্র জীবিকা পান উত্তোলন ও বিক্রি বন্ধ হয়ে গেছে৷ তাঁরা চা-বাগানের রাস্তা দিয়ে চলাচল করার সাহস পাচ্ছেন না৷
বক্তারা আদিবাসীদের ওপর হামলা ও সব উচ্ছেদ চেষ্টা নির্মূল এবং ভূমিদস্যু ও হামলাকারীদের কঠিন শাস্তি নিশ্চিত করার দাবি জানান৷
এ ছাড়া মানববন্ধনে আহত ব্যক্তিদের চিকিৎসা ও ক্ষতিপূরণের ব্যবস্থা করার, সমতলের আদিবাসীদের জন্য পৃথক একটি ভূমি কমিশন গঠন এবং ভবিষ্যতে আদিবাসীদের মানবাধিকার লঙ্ঘন যাতে না হয়, সে জন্য ব্যবস্থা নেওয়ার দাবিও জানানো হয়৷
বক্তারা বলেন, শ্রীমঙ্গলের ১ নং নাহার পুঞ্জির খাসিয়া আদিবাসীদের জীবনকে স্থবির করে দেওয়া হয়েছে৷ পুঞ্জির চারপাশের চা-বাগানের রাস্তা খাসিয়াদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল৷ তাঁরা আরও বলেন, হামলায় চারজন খাসিয়া গুরুতর আহত হয়েছেন৷
বক্তারা যুগ যুগ ধরে বসবাস করে আসা খাসিয়া আদিবাসীদের স্বাধীনভাবে পুঞ্জিতে বসবাসের অধিকার ও নিরাপত্তা দাবি করেন৷
মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং, জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ সরেন, খাসিয়া নেত্রী হেলেনা তালাং, ব্লাস্টের এমদাদ হোসেন, এএলআরডির রফিক আহমেদ সিরাজী, কাপেং ফাউন্ডেশনের হিরনমিত্র চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক জুয়েল চাকমা, আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদের সহ-সাধারণ সম্পাদক সোহেল ম্রং, গাসু–র সহসভাপতি টুটুল চাম্বুগং প্রমুখ৷
এ ছাড়া মানববন্ধনে আরও কয়েকটি সংগঠন সংহতি প্রকাশ করে৷ এগুলো হলো: টিআইবি, অ্যাকশনএইড বাংলাদেশ, মানুষের জন্য ফাউন্ডেশন, ম্যাস লাইন মিডিয়া, ক্যােম্পইন ফর হিউম্যান রাইটস, আদিবাসী যুব পরিষদ, হিল উইমেন্স ফেডারেশন ও হাজং ছাত্র সংগঠন৷
গত ৯ মে খালিপপুরে এবং ৩০ মে নাহার খাসিয়াপুঞ্জিতে আদিবাসীদের ওপর হামলা হয়৷