আদিবাসীদের কারাম উৎসব উদ্যাপন
রাজশাহীর গোদাগাড়ী ও নওগাঁর মহাদেবপুর উপজেলায় গত দুই দিন কারাম উৎসব উদ্যাপন করেছে আদিবাসীরা।
গোদাগাড়ীর ওঁরাও আদিবাসীদের দিঘরি পরিষদের উদ্যোগে গত মঙ্গলবার গুণীগ্রামের উপবাসী কুমারী মেয়েদের সঙ্গে নিয়ে পূজারি কারাম বৃক্ষের তিনটি ছোট ডাল কেটে মাটিতে পুঁতে দেন। পরে পূজা-অর্চনার মাধ্যমে কারাম বৃক্ষের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণের এবং কারাম ডালকে ঘিরে রাতভর গ্রামের নারী-পুরুষ নাচ-গান করেন। এ ছাড়া গতকাল বুধবার গুণীগ্রাম উচ্চবিদ্যালয় মাঠে উপজেলার বিভিন্ন গ্রামের ওঁরাও সাংস্কৃতিক দল নাচ-গানে অংশ নেয়।
পরে আলোচনা সভায় সভাপতিত্ব করেন গোদাগাড়ীর দিঘরি পরিষদের রাজা রামপদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ ওমর ফারুক চৌধুরী।
ওঁরাও আদিবাসীদের এটি প্রধান উৎসব। এ উৎসব উপলক্ষে ওঁরাও গ্রামগুলোর বাড়ি বাড়ি পিঠাপুলি তৈরি হয়। উৎসবকে কেন্দ্র করে এক সপ্তাহ আগে থেকেই ওঁরাও গ্রামগুলোতে ঢাকঢোল বাজিয়ে প্রতিদিন সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত নাচ-গান করেন নারী-পুরুষেরা।