আদিবাসীদের ক্ষেত্রে অনেক বৈষম্য রয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমরা যেখানে আমাদের মূল জনগোষ্ঠীর অধিকারই পুরোপুরি নিশ্চিত করতে পারি না, সেখানে আদিবাসীদের ক্ষেত্রে অনেক বৈষম্য রয়েছে—এটা সত্য। তবে (ইউরোপের) রোমা আদিবাসীদের তুলনায় বাংলাদেশের আদিবাসীদের নিয়ে অনেক কম মিথ্যা প্রচার করা হয়।’ সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান এই মন্তব্য করেছেন। বাংলাদেশের বিভিন্ন আদিবাসী জনগোষ্ঠী সম্পর্কে কতিপয় লেখার সংকলন সারভাইভ্যাল অন দ্য ফ্রিঞ্জ: আদিবাসীস অব বাংলাদেশ শীর্ষক একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে হাবিবুর রহমান ওই মন্তব্য করেন। গতকাল শনিবার বিকেলে রাজধানীর সিরডাপ মিলনায়তনে ওই অনুষ্ঠানের আয়োজন করে সোসাইটি ফর এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট (সেড)। সংস্থাটির সাধারণ সম্পাদক ফিলিপ গাইন বইটি সম্পাদনা করেছেন।অনুষ্ঠানে হাবিবুর রহমান বলেন, আদিবাসীদের আদিবাসী বলা হলে তাদের অধিকার সংরক্ষণে কিছু আন্তর্জাতিক আইন ও তদারকির বিষয়ে বাধ্যবাধকতা থাকে। সেই তদারকি নিয়ে রাজনীতি হয় বলে তাদের আদিবাসী বলতে (সরকার) নারাজ। সাবেক এই বিচারপতি বলেন, আদিবাসীদের নিজস্ব পরিচয়ের জন্য তাদেরই আরও বেশি কাজ করতে হবে। তাদের সঙ্গে সরকারের সহায়তা যোগ হলেই আদিবাসীরা সুরক্ষিত হবে।অনুষ্ঠানে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, আদিবাসীদের নিয়ে কথা বলাটা প্রায় নিষিদ্ধ হয়ে গেছে। সব ধরনের বৈষম্য দূর হলে ‘আদিবাসী’ শব্দটির আর কোনো প্রয়োজন হবে না। আর এই বৈষম্য রাষ্ট্রকেই দূর করতে হবে। পার্বত্য অঞ্চলে বিভিন্ন ক্যাম্পে সেনা মোতায়েন রাখার বিষয়টি বই থেকে উল্লেখ করে তিনি প্রশ্ন রাখেন, রাষ্ট্রের কোন নিরাপত্তার কারণে সেখানে এই ‘সিকিউরিটি ফোবিয়া’ বজায় রাখা হয়েছে?মিজানুর রহমান বইয়ের কিছু কিছু অংশ উদ্ধৃত করে তার সমালোচনা করেন। তিনি বলেন, বইটিতে যাঁদের লেখা ছাপা হয়েছে, তাঁরা বোধহয় অধিক সতর্কতা অবলম্বন করেছেন। আদিবাসীরা যদি নিজেদের ক্ষুদ্র নৃগোষ্ঠী বলতেই বেশি পছন্দ করে, তাহলে তো তাদের আদিবাসী হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি আদায়ের আন্দোলন অযৌক্তিক হয়ে যায়।সেডের সভাপতি সাখাওয়াত আলী খানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসের উপাচার্য রফিকুল ইসলাম, আইন ও সালিশ কেন্দ্রের চেয়ারম্যান হামিদা হোসেন, নিজেরা করির সমন্বয়কারী খুশী কবির প্রমুখ আলোচনায় অংশ নেন।বইটিতে আদিবাসীদের নিয়ে রাজনৈতিক প্রেক্ষাপট সেভাবে আলোচিত না হওয়ায় সমালোচনা করেন আলোচকেরা। বইটিতে সংক্ষিপ্তভাবে আদিবাসীদের ভৌগোলিক অবস্থান, তাদের বঞ্চনা, সুরক্ষা, কম পরিচিত আদিবাসীদের সংক্ষিপ্ত বর্ণনা, জাতিসত্তার সংখ্যা প্রভৃতি বিষয় আলোচনা করা হয়েছে।