মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাসহ বিভিন্ন কার্যক্রমের নামে আদিবাসীদের গলা চেপে ধরে উন্নয়ন গেলানো হচ্ছে বলে অভিযোগ করেছেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা। তাঁর দাবি, সীমান্ত রক্ষা ও চোরাচালান বন্ধের নামে আদিবাসীদের ভূমি দখল করে বিজিবির সেক্টর ও ক্যাম্প নির্মাণের নামে পার্বত্য চট্টগ্রামকে ক্যান্টনমেন্টে পরিণত করা হচ্ছে।
গতকাল শুক্রবার রাঙামাটিতে হেডম্যান (মৌজাপ্রধান) সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সন্তু লারমা এসব কথা বলেন। শহরের সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে দুই দিনের এই সম্মেলনের আয়োজক সিএইচটি হেডম্যান নেটওয়ার্ক।
অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান সন্তু লারমা বলেন, পার্বত্য চুক্তির বাস্তবায়ন প্রক্রিয়া সম্পূর্ণ স্থবির। পার্বত্য এলাকায় ভূমি বেদখল, বহিরাগত অনুপ্রবেশ, সাম্প্রদায়িক সহিংসতা এবং আদিবাসী নারী নির্যাতনের ঘটনা বেড়েই চলেছে। জুম্ম জনগণের অবস্থান অন্য কোনো সময়ের তুলনায় এখন বেশি সংকটাপন্ন। এ অবস্থায় হেডম্যানদের এখন বেছে নিতে হবে তাঁরা চুক্তি বাস্তবায়নের পক্ষে থাকবেন, নাকি অন্য কোনো দলের সঙ্গে থাকবেন।
হেডম্যান নেটওয়ার্কের সভাপতি ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরীর সভাপতিত্বে চাকমা সার্কেল প্রধান রাজা দেবাশীষ রায় বলেন, প্রথাগত প্রতিষ্ঠানের প্রধানদের দক্ষতা উন্নয়নে সরকারকে সচেষ্ট হতে হবে। রাষ্ট্রের আইনগত প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও পার্বত্য চট্টগ্রামের সার্কেল, মৌজা ও গ্রামপ্রধানদের প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন ও সক্ষমতা বাড়াতে বিদেশি বা বেসরকারি সংস্থার কাছে যেতে হয়, এটা লজ্জাজনক। তিনি সামাজিক শৃঙ্খলা রক্ষা, বিচার, উত্তরাধিকার সনদ প্রদান এবং বন ও ভূমি ব্যবস্থাপনায় হেডম্যান ও কারবারিদের (পাড়াপ্রধান) বৈষম্যহীন জনমুখী ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে মং সার্কেল প্রধান রাজা সাচিং প্রু চৌধুরী বলেন, মৌজাপ্রধান হেডম্যান ও গ্রামপ্রধান কারবারিদের আইনে নির্ধারিত যে ক্ষমতা আছে তা চর্চার মাধ্যমে সংরক্ষণ ও প্রসারিত করতে হবে। হেডম্যানদের ভূমির ‘রক্ষাকর্তা’ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ভূমি বন্দোবস্ত ও খাজনা আদায়ে যথাযথ দলিল সংরক্ষণে সচেষ্ট হতে হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন সহায়তা প্রকল্পের (সিএইচটিডিএফ) উপপরিচালক প্রসেনজিৎ চাকমা, আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) জাতীয় সমন্বয়কারী অ্যালেক্সিও চিসিম, অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্টের (এএলআরডি) কর্মকর্তা রফিক আহমেদ সিরাজী ও হেডম্যান নেটওয়ার্কের সাধারণ সম্পাদক শান্তি বিজয় চাকমা।
সম্মেলন তিন পার্বত্য জেলার তিন শতাধিক হেডম্যান যোগ দেন। এ আয়োজনে সহযোগিতা করছে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ, ইউএনডিপি-সিএইচটিডিএফ, আইএলও, মানুষের জন্য ফাউন্ডেশন এবং এএলআরডি।