আদিবাসীদের গুচ্ছগ্রামের জমি দখলের অভিযোগ
রাজশাহীর বাঘায় ভূমিহীন আদিবাসীদের গুচ্ছগ্রামের জন্য নির্ধারিত আড়াই বিঘা খাসজমি বেদখল হয়ে গেছে। জায়গাটিতে সরকারিভাবে লাল নিশানা টাঙানো হয়েছিল। কিন্তু মালিক দাবিদার স্থানীয় একটি পরিবার নিশানা সরিয়ে জমিটি দখলে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।খোঁজ নিয়ে জানা গেছে, দীর্ঘদিন ধরে মালিকানা দাবি করে ওই জমি বলিহার গ্রামের মৃত নূর মোহাম্মদের ছেলেরা ভোগদখল করছেন। তাঁরা দাবি করেন, তাঁদের বাবার নামে ওই জমি চিরস্থায়ী বন্দোবস্ত দেওয়া হয়েছিল। কিন্তু কবুলিয়ত রেজিস্ট্রি না হওয়ায় কয়েক বছর আগে ওই জমি আবার খাস খতিয়ানভুক্ত হয়ে যায়। গত বছরের ১৩ ডিসেম্বর বাঘা উপজেলা কৃষি ও খাসজমি ব্যবস্থাপনা ও বন্দোবস্ত কমিটির সভায় ওই জমিতে ভূমিহীন আদিবাসীদের গুচ্ছগ্রাম করার সিদ্ধান্ত নেওয়া হয়।নূর মোহাম্মদের ছেলে আবদুল জলিল সরকার দাবি করেন, তাঁর বাবাকে ১৯৬৪ সালের সরকার ওই জমি বন্দোবস্ত দেয়। সে সময় কবুলিয়ত রেজিস্ট্রির বিধান ছিল না। সেই হিসেবে খারিজ করা হয়েছে এবং তাঁরা জমি ভোগদখল করছেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুস সোবহান বলেন, নূর মোহাম্মদের ছেলেরা বন্দোবস্তের উপযুক্ত কাগজপত্র দেখাতে পারেননি। সরকারি পতাকা খুলে দখলে নেওয়ার বিষয়টি তিনি দেখবেন।