আগামী বাজেটে আদিবাসীদের জন্য পর্যাপ্ত বরাদ্দ রাখার দাবি জানিয়েছেন বিশিষ্টজনেরা। তাঁরা সমতলের আদিবাসীদের জন্য ভূমি কমিশন গঠন, পৃথক মন্ত্রণালয় ও বিশেষায়িত ব্যাংক প্রতিষ্ঠারও দাবি জানান।
গতকাল রাজধানীর রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ আদিবাসী ফোরাম ও একশনএইডের উদ্যোগে ‘জাতীয় বাজেট ও সরকারি সেবাসমূহে আদিবাসীদের জন্য ন্যায্য বরাদ্দ চাই’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে বিশিষ্টজনেরা এসব দাবি জানান।
অনুষ্ঠানে জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য নিরূপা দেওয়ান বলেন, পার্বত্য চট্টগ্রামের আদিবাসীরা ভৌগোলিকভাবে সংঘবদ্ধ হওয়ায় আন্দোলন-সংগ্রামের মাধ্যমে অধিকার আদায়ে কিছুটা সফল হয়েছে। কিন্তু সমতলে ছড়িয়ে-ছিটিয়ে থাকা আদিবাসীরা সংখ্যায় বেশি হলেও তারা সরকারের দৃষ্টি আকর্ষণ করতে পারছে না। তাই সমতলের আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রণালয় করাসহ সংবিধানে আদিবাসীদের সুনির্দিষ্ট পরিচয় নির্ধারণ করার দাবি জানান তিনি।
মূল প্রবন্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের অধ্যাপক সৌরভ সিকদার সমতলের আদিবাসীদের জন্য জাতীয় বাজেটে বরাদ্দ বৃদ্ধির যৌক্তিকতা তুলে ধরেন। জাতীয় আদিবাসী পরিষদের প্রেসিডিয়াম সদস্য অনিল মারান্ডিও আদিবাসীদের নাগরিক অধিকার ও কল্যাণ নিশ্চিত করতে বাজেটে থোক বরাদ্দ বাড়ানোর দাবি জানান।
আলোচনায় অংশ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এম আকাশ জাতীয় পরিচয়পত্রে আদিবাসীদের সুনির্দিষ্ট পরিচয়, ভূমি অধিকার রক্ষায় কমিটি গঠন এবং পৃথক ব্যাংক প্রতিষ্ঠার সুপারিশ করেন।
বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রংয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অন্যান্যের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মেসবাহ কামাল বক্তব্য দেন।