আদিবাসীদের জন্য পৃথক বরাদ্দের দাবি বাজেটে
আদিবাসীদের উন্নয়নে জাতীয় বাজেটে তাদের জন্য পৃথক বরাদ্দ দরকার। সমতলের আদিবাসীদের জন্য আলাদা আদিবাসী মন্ত্রণালয় গঠন করতে হবে। যত দিন আলাদা মন্ত্রণালয় না হবে, তত দিন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মাধ্যমে একটি কমিটি গঠন করে এর মাধ্যমে তাদের বাজেটের অর্থ খরচের ব্যবস্থা করতে হবে।
গতকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আদিবাসীবান্ধব বাজেট বিষয়ে এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। অ্যাকশন এইডের সহযোগিতায় বাংলাদেশ আদিবাসী ফোরাম এই আলোচনার আয়োজন করে।
আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংস্কৃতিকর্মী সঞ্জীব দ্রং। তিনি বলেন, আদিবাসীদের সত্যিই উন্নয়নের ধারায় আনতে হলে জাতীয় বাজেটে পৃথকভাবে যথেষ্ট বরাদ্দ প্রয়োজন। বিগত ২০১০ থেকে ২০১৩ সালের জাতীয় বাজেট বক্তৃতায় আদিবাসীদের জন্য একটি ছোট কিন্তু পৃথক অনুচ্ছেদ থাকলেও গত বছরের বাজেট বক্তৃতায় তাঁদের জন্য মাত্র একটি লাইনই বরাদ্দ ছিল।
বাজেটে আদিবাসীদের বরাদ্দের পরিমাণ নির্ধারণের জটিলতা প্রসঙ্গে সঞ্জীব দ্রং বলেন, ‘সমস্যা হলো, আদিবাসীদের সঠিক সংখ্যা নিরূপণ না করা এবং প্রকৃত আদিবাসী জনসংখ্যা কত, তা না জানা। এ সম্পর্কে সরকারি কোনো সুনির্দিষ্ট তথ্য নেই অথবা যা রয়েছে, তা প্রশ্নবিদ্ধ।’
মূল প্রবন্ধে আদিবাসীদের জন্য বাজেটে পৃথক অর্থ বরাদ্দ রাখার দাবির পাশাপাশি আরও ছয়টি দাবি জানানো হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন আদিবাসীদের দাবি মেনে নেওয়ার বিষয়ে আশ্বাস দেন। তিনি জানান, আদিবাসীদের জন্য বাজেট বরাদ্দের বিষয়ে সংসদে তিনি কথা বলবেন। তাঁদের দাবিগুলো সুনির্দিষ্ট করে অর্থমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন। তিনি বলেন, কৃষি নিয়ে যেমন এখন বাজেট আলোচনা হয়, আদিবাসীর জন্য বাজেট বিষয়েও এমন আলোচনা হওয়া প্রয়োজন।
আদিবাসী নেতা রবীন্দ্রনাথ সরেনের সভাপতিত্বে আলোচনা সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মেসবাহ কামাল, আইন বিভাগের অধ্যাপক রহমত উল্লাহ, আদিবাসীদের প্রতিনিধি হিসেবে সৌভাগ্য চাকমা, চৈতালী ত্রিপুরা ও পল্লব চাকমা বক্তব্য দেন।