সমুদ্র উপকূলে বাঙালি-আদিবাসী মিলে সভ্যতা গড়ে তুলেছে। রাখাইনরা এ অঞ্চলকে আগেও যেভাবে দেখেছে, এখনো তারা সেভাবেই দেখে। ঝড়-জলোচ্ছ্বাসে রাখাইনরা শেষ হয়ে গেলেও ধ্বংস করেনি যুগ যুগ ধরে গড়ে ওঠা সভ্যতাকে। তাই রাষ্ট্রকে এ মানুষগুলোর জন্য সমান সুযোগ করে দিতে হবে।গতকাল সোমবার পটুয়াখালীর কলাপাড়ায় ‘বাংলাদেশের আদিবাসী সম্প্রদায়ের সমস্যা এবং করণীয়’ শীর্ষক আঞ্চলিক সংলাপে এ কথা বলেন বক্তারা। বাংলাদেশ আদিবাসী ফোরাম এবং আন্তর্জাতিক শ্রম সংস্থার আয়োজনে পটুয়াখালী, বরগুনা, তালতলী, কলাপাড়া এবং কুয়াকাটার রাখাইন জনগোষ্ঠীর নারী-পুরুষসহ বিভিন্ন পেশার লোক এতে অংশ নেন।উপজেলা প্রশাসনের মিলনায়তনে এ আঞ্চলিক সংলাপে সভাপতিত্ব করেন ভাষা সংগঠক ও প্রবীণ রাখাইন নেতা উসুয়ে হাওলাদার। স্বাগত বক্তব্য দেন আঞ্চলিক শ্রম সংস্থা ঢাকা অফিসের জনসংযোগ কর্মকর্তা অভিলাষ ত্রিপুরা। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং, কলাপাড়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. লিয়াকত আলী, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সাংগঠনিক সম্পাদক শক্তিপদ ত্রিপুরা, কলাপাড়ার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. সুুলতান মাহমুদ।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. লিয়াকত আলী বলেন, এ অঞ্চলের রাখাইনরা যাতে অন্যত্র চলে না যায়, সে জন্য স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।