আদিবাসীদের জমি দখলমুক্ত করতে প্রশাসনের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় আদিবাসীদের ১২৫ একর জমি দখল করে তৈরি রাবার বাগান দখলমুক্ত করে স্থানীয় হেডম্যানের (মৌজাপ্রধান) কাছে হস্তান্তরের জন্য দখলদার প্রতিষ্ঠান পিএইচপি গ্রুপের চেয়ারম্যানকে নির্দেশ দিয়েছে প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গতকাল সোমবার এ কথা জানান। ইউএনওর নির্দেশে স্থানীয় আদিবাসীরা সন্তোষ প্রকাশ করেছেন। স্থানীয় আদিবাসীদের অভিযোগ, ক্ষমতার দাপট দেখিয়ে পিএইচপি গ্রুপ ওই জমি অবৈধভাবে দখল করে রাঙ্গাঝিরি চাকমাপাড়া করে। সম্প্রতি রাঙ্গাঝিরি ত্রিপুরাপাড়ার জুমের জমি ও শ্মশান দখল করে নেওয়ার চেষ্টা করে পিএইচপি। বিষয়টি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ও সাংসদ বীর বাহাদুরকে জানানো হয়।জেলা প্রশাসন সূত্র জানায়, পিএইচপি গ্রুপের চেয়ারম্যান সুফি মিজানুর রহমান ১৯৮১-৮২ সালে নাইক্ষ্যংছড়ির ঈদগড় মৌজায় প্রতিটি ২৫ একর আয়তনের পাঁচটি রাবার প্লটে ১২৫ একর জমি ইজারা নেন। কিন্তু রাবার বাগান না করে জমি দীর্ঘদিন অব্যহূত অবস্থায় ফেলে রাখায় ১৯৯৭ সালে সরকার ওই পাঁচটি প্লটের ইজারা বাতিল করে। সুফি মিজানুর রহমান ২০০৫ সালে আবারও ঈদগড় মৌজায় নয়টি প্লটে ২২৫ একর জমি নিজ, স্ত্রী ও সন্তানদের নামে ইজারা নেন। কিন্তু তাঁর নিজের নামে ১৯৯৭ সালে বাতিল করা পাঁচটি প্লট পুনর্বহাল করেননি। কিন্তু বাতিল করা ওই পাঁচটি প্লটেও রাঙ্গাঝিরি চাকমাপাড়া ও জুমের জমি দখল করে বাগান করেছে পিএইচপি।রাঙ্গাঝিরি ত্রিপুরাপাড়ার কার্বারি (পাড়াপ্রধান) রাচীন্দ ত্রিপুরা ও লাবে ত্রিপুরা অভিযোগ করেন, পিএইচপি গ্রুপের লোকজনের গোপন ষড়যন্ত্রে ২০০৭ সালে রাঙ্গাঝিরি চাকমাপাড়ার ২২টি পরিবার উচ্ছেদ হয়ে পালিয়ে যেতে বাধ্য হয়। ওই পরিবারগুলো এখন লামা ও আলীকদমে বিভিন্ন দুর্গম স্থানে মানবেতর জীবনযাপন করছে। পিএইচপির লোকজন গত মাসে ত্রিপুরাপাড়ার শ্মশান ও জুমের জমি দখল করে জঙ্গল কেটে ফেলে। এ ব্যাপারে স্থানীয় ব্যক্তিদের অভিযোগের পরিপ্রেক্ষিতে ভূমিজরিপ করে সীমানা নির্ধারণ করে দেওয়া হলেও পিএইচপির লোকজন আবার ওই জমি দখলের চেষ্টা করছে।তবে রাঙ্গাঝিরি চাকমাপাড়া উচ্ছেদ ও ত্রিপুরাদের শ্মশান এবং জুমের জমি দখলের অভিযোগ অস্বীকার করেছেন পিএইচপির নাইক্ষ্যংছড়ি শাখার ব্যবস্থাপক আরিফুল ইসলাম। তিনি বলেন, ডাকাতির ঘটনায় মামলার ভয়ে চাকমারা পাড়া ছেড়ে পালিয়ে যান। বাতিল করা প্লটগুলো পুনর্বহালের জন্য রাবার স্ট্যান্ডিং কমিটির কাছে আবেদন জানানো হয়েছে। কিন্তু প্লট পুনর্বহাল না হলেও ২০০৭ সালে পিএইচপির বাগান করার বিষয়টি স্বীকার করেছেন আরিফুল ইসলাম। ইউএনও শামীম সোহেল বলেন, সংশ্লিষ্ট হেডম্যানকে ১২৫ একর মৌজার জমি বুঝে নেওয়ার জন্য ১৬ ফেব্রুয়ারি নির্দেশ দেওয়া হয়েছে। অবৈধ দখল না ছাড়লে সুফি মিজানুর রহমানের বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।