আদিবাসীদের জাতিসত্তার স্বীকৃতিসহ ১২ দফা দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবিধানে আদিবাসীদের জাতিসত্তার স্বীকৃতি এবং পার্বত্য চট্টগ্রামকে স্বায়ত্তশাসিত অঞ্চল ঘোষণাসহ ১২ দফা দাবি জানিয়েছেন রাঙামাটি জেলার হেডম্যান ও কার্বারিরা। গতকাল শুক্রবার খাগড়াছড়ি সদরের পেরাছড়ায় অনুষ্ঠিত সম্মেলন থেকে এ দাবি জানানো হয়।গিরিফুল শিশু সদনের হলরুমে এ সম্মেলনের আয়োজন করে পাহাড়ের আঞ্চলিক রাজনৈতিক দল ইউনাইটেড পিপলস্ ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)। এতে রাঙামাটির ৫০ জন হেডম্যান (মৌজাপ্রধান) ও কার্বারি (গ্রামপ্রধান) উপস্থিত ছিলেন। রাঙামাটি জেলা সদরের ডলুছড়ি মৌজার হেডম্যান অমল চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য দেন কাউখালী উপজেলার মুবাছড়ি মৌজার হেডম্যান কালী রতন চাকমা, বিলাইছড়ি উপজেলার কেরনছড়ি মৌজার হেডম্যান সুনিক জ্যোতি চাকমা, বরকল উপজেলার মিদিঙাছড়ি মৌজার হেডম্যান মিলন শংকর চাকমা, সদর উপজেলার তৈমিদুং পাড়ার কার্বারি শুবল চাকমা, কাউখালীর ডাবুয়া গ্রামের কার্বারি চুইথোয়াইপ্রু মার্মা ও কেরনছড়ি মৌজার কার্বারি রূপ কুমার চাকমা প্রমুখ। সম্মেলনে শুভেচ্ছা বক্তব্য দেন ইউপিডিএফের কেন্দ্রীয় সদস্য ধ্রুব জ্যোতি চাকমা ও অনিমেষ চাকমা।সম্মেলনে সংবিধানে পাহাড়ি জাতিসত্তার অস্তিত্ব ও অধিকারের স্বীকৃতি দিয়ে পার্বত্য চট্টগ্রামকে একটি স্বায়ত্তশাসিত এলাকা হিসেবে ঘোষণা করাসহ ১২ দফা দাবি উত্থাপন করা হয়। অন্য দাবিগুলোর মধ্যে আছে—পার্বত্য ভূমি কমিশনের চেয়ারম্যানের নিরষ্কুশ ক্ষমতা বাতিল করা, ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশন আইনে পার্বত্য চট্টগ্রামে প্রচলিত ভূমিসংক্রান্ত প্রথা ও রীতিকে সুস্পষ্টভাবে লিপিবদ্ধ করা, ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশনের সদস্য হিসেবে পার্বত্য চট্টগ্রামের ঐতিহ্যগত নেতৃত্ব হেডম্যান ও কার্বারিদের অন্তর্ভুক্ত করা, অবিলম্বে স্থায়ী বাসিন্দাদের ভোটার তালিকা প্রণয়ন করে আঞ্চলিক ও পার্বত্য জেলা পরিষদের নির্বাচন এবং পার্বত্য জেলা পরিষদের কাছে সব বিভাগ হস্তান্তর ইত্যাদি। গত ২৭ আগস্ট খাগড়াছড়ি জেলার হেডম্যান ও কার্বারিদের সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলন থেকেও একই ধরনের দাবি তোলা হয়।