শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটার মিলনায়তনের মাঝখানে মঞ্চ। তিন পাশে দর্শক। গতকাল সোমবার সন্ধ্যায় দর্শক-সারির প্রায় পুরোটাই ভরে উঠেছিল। আগ্রহ নিয়ে তাঁরা এসেছিলেন ঢাকা থিয়েটার মঞ্চের নাটক বীরসা মুন্ডার অভিনয় দেখতে। বীরসা মুন্ডা আদিবাসী জীবনযাত্রা নিয়ে ইতিহাসনির্ভর নাটক। শুরু থেকেই বেশ জনপ্রিয়তা পেয়েছিল নাটকটি। এটি ছিল দলের ১৭তম প্রযোজনা। মঞ্চায়ন শুরু হয়েছিল ২০০৩ সালের ২৬ মার্চ। ২০০৬ সালের ৬ সেপ্টেম্বরের পর নাটকটি আর মঞ্চায়ন হয়নি নানা কারণে। দীর্ঘ চার বছর পর গতকাল আবার নতুন আঙ্গিকে মঞ্চস্থ হলো বীরসা মুন্ডা। এবার নাটকটির নির্দেশনা দিয়েছেন ঢাকা থিয়েটার মঞ্চের সদস্য শারমিন হুদা। বীরসা মুন্ডা নাটকে ১৯০০ সালের ভারতের ছোট নাগপুরের মুন্ডা, হো, সাঁওতালসহ বিভিন্ন আদিবাসী গোষ্ঠীর ওপর তৎকালীন ইংরেজ সরকার ও স্থানীয় জমিদারদের শোষণ, নির্যাতন, উচ্ছেদ ইত্যাদির বিরুদ্ধে এক বৃহৎ আন্দোলন—সর্বোপরি স্বাধীনতা সংগ্রামের বাস্তব চিত্র ফুটে উঠেছে। নাটকটির রচয়িতা অলোক দেব। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মাহতাব আহমেদ, নুরুল আলম, আফরিন হুদা, ফারাবি আকন্দ, মাহমুদুর রহমান, শ্রাবণী জাহান, সঞ্জীব সরকার, রোমান দাস, শীমুল দাশগুপ্ত।‘চৈতা পাগল’-এর উদ্বোধনী প্রদর্শনীবাংলাদেশের একটি গ্রাম। চৈতা পাগলা গ্রামের এক যুবক। গ্রামের সবাই জানে চৈত্র মাসে সে পাগল হয়, আর সারা বছর ভালো থাকে। এ কারণেই তার নাম হয়েছে চৈতা পাগলা। তবে চৈতা পাগলা মানুষের উপকার করে। যেখানে যার যত সমস্যা, চৈতা পাগলা নিজ উদ্যোগে তার সমাধানে হাজির; তা যত কঠিন আর কষ্টের হোক পিছিয়ে আসে না সে। চৈতা পাগলার আপন বলে কেউ নেই। কিন্তু গ্রামের সবাইকে সে তার আপন বলেই জানে। এর মধ্যেও আবার কিছু মানুষ আছে, যারা তার অতি প্রিয়, অতি কাছের। তেমনই একজন গ্রামেরই মেয়ে আলতা। অকাল-বিধবা আলতা ভাগ্য-বিপর্যয়ে প্রতিনিয়ত যুদ্ধ করছে প্রতিকূলের সঙ্গে। চৈতা আর আলতার জীবনের সুখ-দুঃখের কাহিনি নিয়েই নাটক চৈতা পাগল। গতকাল চ্যানেল আই কার্যালয়ে ধারাবাহিক এই নাটকের উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠিত হয়। চ্যানেল আইতে নতুন ধারাবাহিকটির সম্প্রচার শুরু হয়েছে ৬ জুন থেকে। প্রচারিত হচ্ছে প্রতি শনি ও রবিবার সন্ধ্যা সাতটা ৫০ মিনিটে। নোয়াখালীর আঞ্চলিক ভাষায় নির্মিত এ ধারাবাহিকটি লিখেছেন বৃন্দাবন দাস। মুন্সিগঞ্জের পদ্মার পাড়ে নির্মিত এ ধারাবাহিকে অভিনয় করেছেন জয়া আহসান, মাহফুজ আহমেদ, রওনক হাসান, সোহেল খান, মৌসুমী বিশ্বাস, লুৎফর রহমান, সিদ্দিকুর রহমান, আবদুল্লাহ রানা, রিফাত চৌধুরীসহ আরও অনেকে। গতকাল নাটকের উদ্বোধনী প্রদর্শনীতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, অভিনেতা মাহফুজ আহমেদ, সিদ্দিকুর রহমান প্রমুখ। ‘টু প্রিজুডিস টু নোটিশ’দৃক গ্যালারিতে আয়োজিত আলোকচিত্রী মির্জা এস এ হাবিবের একক আলোকচিত্র প্রদর্শনী ‘টু প্রিজুডিস টু নোটিশ’ গতকাল শেষ হয়েছে। প্রদর্শনীটি দুর্লভ কিছু ফুলের ছবি দিয়ে সাজানো হয়েছিল। রমনা উদ্যান, মিরপুরের জাতীয় উদ্ভিদ উদ্যান, বলধা গার্ডেন, সীতাকুণ্ড উদ্ভিদ উদ্যান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল, কলাভবন, রেজিস্ট্রার ভবনসহ বিভিন্ন সংরক্ষিত বাগান থেকে তোলা হয় এসব আলোকচিত্র। তিন দিনব্যাপী প্রদর্শনীটিতে বিপুল দর্শকের সমাগম হয়েছিল।